আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে খসড়া করা মামলায় ভুয়ো রায় ও উদ্ধৃতি জমা দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে কড়া মন্তব্য করে।
লাইভল’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি বলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কিছু আইনজীবী এখন এআই ব্যবহার করে খসড়া তৈরি করছেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।” ওই বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভি নাগরত্ন উপস্থিত ছিলেন।
বিচারপতি নাগরত্ন একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে জানান, তিনি “Mercy v. Mankind” নামে একটি মামলার উদ্ধৃতি দেখেছেন, যা আদৌ অস্তিত্বহীন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচারপতি দীপঙ্কর দত্তর আদালতেও একাধিক ভুয়ো রায়ের উল্লেখ করা হয়েছিল।
&t=2sএআই ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিচারপতি নাগরাথ্না বলেন, অনেক সময় রায়ের নাম সঠিক থাকলেও তার মধ্যে সম্পূর্ণ ভুয়ো উদ্ধৃতি জুড়ে দেওয়া হচ্ছে। এর ফলে বিচারকদের অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে।
বিচারপতি বাগচি মন্তব্য করেন, সাম্প্রতিক সময়ে আইনি খসড়া তৈরির শিল্প বা দক্ষতায় অবনতি ঘটেছে। বর্তমানে বিশেষ অনুমতি আবেদন (SLP)-এ প্রায়শই রায় থেকে দীর্ঘ উদ্ধৃতি ভরা থাকে, যা যুক্তির স্বাতন্ত্র্য কমিয়ে দিচ্ছে। তিনি প্রবীণ আইনজীবী অশোক কুমার সেনের মতো প্রজন্মের কথা স্মরণ করে বলেন, তাঁদের খসড়া ছিল সংক্ষিপ্ত, স্পষ্ট ও মৌলিক।
উল্লেখ্য, এর আগেও বম্বে হাইকোর্ট এআই দিয়ে তৈরি ভুয়ো নজির উদ্ধৃত করার জন্য এক মামলাকারীর ওপর জরিমানা ধার্য করেছিল।আইনজীবীদের এআই ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, প্রযুক্তির সুবিধা গ্রহণ করা হলেও তার অপব্যবহার ন্যায়বিচার প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে।
