আজকাল ওয়েবডেস্ক: কলেজের শেষদিনে বিদায়ী বক্তৃতা দিচ্ছিলেন। সহপাঠী, অধ্যাপক, বন্ধুদের মাঝে খোশ মেজাজেই ছিলেন তরুণী। আচমকাই ঘটল বিপত্তি। বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২০ বছরের কলেজ ছাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধরাশিব জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম, বর্ষা খারাট। পারান্দার আরজি শিন্ডে কলেজের ছাত্রী ছিলেন তিনি। কলেজের শেষদিনে বিদায়ী বক্তৃতা দিচ্ছিলেন। বর্ষার বক্তৃতার ভিডিও তুলেছিলেন বন্ধুরা। সেখানে দেখা গেছে, বিদায়ী বক্তৃতার সময়েও হাসিখুশি ছিলেন তিনি। বক্তৃতার মাঝে কয়েকবার হাসতেও দেখা যায় তাঁকে। মাঝপথেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন। 

 

দ্রুত সহপাঠী এসে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় এক হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বর্ষাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আট বছর বয়সে বর্ষার হার্টের অপারেশন হয়েছিল। তারপর গত ১২ বছরে হার্টের কোনও সমস্যাই দেখা দেয়নি। এমনকী কোনও ওষুধ খেতেন না তিনি। সুস্থ, স্বাভাবিক ছিলেন। 

 

প্রাথমিক অনুমান, আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বর্ষার। মঞ্চেই ব্রেন ডেথ হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া সহপাঠীদের মধ্যে।