প্রতিদিন কত মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অফিস যাওয়া হোক কিংবা গন্তব্যে পৌঁছনো, ব্যস্ততার মধ্যে প্ল্যাটফর্মের দিকে চোখ পড়লেও অনেকেই একটি বিষয় খেয়াল করেন না। মেট্রো স্টেশনের মেঝেতে প্ল্যাটফর্মের ধার বরাবর বিছানো থাকে উজ্জ্বল হলুদ রঙের বিশেষ টাইলস।
2
9
কোথাও তার গায়ে ছোট ছোট গোল দানা, কোথাও আবার লম্বা লম্বা উঁচু রেখা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই টাইলসগুলি কেন বসানো হয়? এগুলি কি শুধুই স্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য? আসলে এর পিছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ।
3
9
এই বিশেষ টাইলসগুলিকে বলা হয় ‘ট্যাকটাইল পেভিং’ বা ‘টেনজি ব্লকস’। দৃষ্টিহীন কিংবা আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষ যাতে অন্যের সাহায্য ছাড়াই নিরাপদে মেট্রো স্টেশনে যাতায়াত করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা।
4
9
টাইলসের গায়ে থাকা উঁচু নকশা পায়ের স্পর্শে অথবা লাঠির সাহায্যে অনুভব করা যায়। ফলে সামনে কোন পথে এগোতে হবে, কোথায় থামতে হবে কিংবা কোথায় বিপদের আশঙ্কা রয়েছে, তা বুঝতে পারেন দৃষ্টিহীন যাত্রীরা।
5
9
এই টাইলসের নকশা মূলত দু’ধরনের। প্রথমটি হল ছোট ছোট গোলাকার উঁচু দানাযুক্ত টাইলস। এগুলিকে বলা হয় ‘ওয়ার্নিং টাইলস’ বা ‘ব্লিস্টার টাইলস’। সাধারণত মেট্রো প্ল্যাটফর্মের কিনারা, সিঁড়ির মুখ কিংবা বিপজ্জনক জায়গার আগে এই টাইলস বসানো হয়। পায়ের তলায় বা ছড়ির স্পর্শে এই উঁচু দানাগুলি অনুভব করেই যাত্রীরা বুঝতে পারেন, সামনে বিপদ রয়েছে।
6
9
অন্যদিকে, লম্বা লম্বা সমান্তরাল রেখাযুক্ত টাইলসকে বলা হয় ‘ডিরেকশনাল টাইলস’ বা ‘গাইডিং টাইলস’। এগুলি যাত্রীদের সঠিক পথ চিনতে সাহায্য করে। এই রেখা অনুসরণ করে দৃষ্টিহীন ব্যক্তিরা টিকিট কাউন্টার, লিফট, এসকালেটর কিংবা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে পারেন।
7
9
টাইলসগুলির রং হলুদ রাখার পিছনেও রয়েছে বিশেষ যুক্তি। মেট্রো স্টেশনের মেঝে সাধারণত ধূসর বা গাঢ় রঙের হয়। তার উপর উজ্জ্বল হলুদ টাইলস সহজেই চোখে পড়ে। ফলে যাঁদের দৃষ্টিশক্তি কম, তাঁরাও দূর থেকে এই পথ দেখতে পান এবং নিজেদের চলার দিক বুঝতে পারেন। শুধু দৃষ্টিহীনদের জন্যই নয়, আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন বয়স্ক মানুষদের কাছেও এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর।
8
9
১৯৬০-এর দশকে জাপানি উদ্ভাবক সেইচি মিয়াকে প্রথম এই বিশেষ টাইলস তৈরির ধারণা নিয়ে কাজ করেন। তাঁর এক দৃষ্টিহীন বন্ধুর যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখেই তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন, যার সাহায্যে দৃষ্টিহীন মানুষ স্পর্শের মাধ্যমে রাস্তা চিনতে পারবেন।
9
9
১৯৬৭ সালে জাপানের ওকায়ামা শহরে প্রথম এই টাইলস ব্যবহার করা হয়। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও এই ব্যবস্থা চালু হয়। বর্তমানে শুধু মেট্রো স্টেশনেই নয়, রেল স্টেশন, বিমানবন্দর, ফুটপাত এবং পথচারীদের রাস্তা পারাপারের জায়গাতেও এই বিশেষ টাইলস ব্যবহার করা হচ্ছে।