হিন্দুধর্মের দেবদেবীদের ছবি বা মূর্তি দেখলে একটি বিষয় সহজেই চোখে পড়ে। ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ কিংবা মহাদেবের গায়ের রং অনেক ক্ষেত্রেই নীল। কিন্তু কেন?
2
12
দেবতাদের নীল রঙে কল্পনা করার পিছনে কি শুধুই শিল্পীদের ভাবনা, নাকি রয়েছে গভীর কোনও ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য?
3
12
প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, নীল রং অসীম, অনন্ত শক্তি এবং সীমাহীন সৃষ্টির প্রতীক। আকাশের দিকে তাকালে তার কোনও শেষ দেখা যায় না। একইভাবে সমুদ্রের বিশালতাও মানুষের কল্পনার বাইরে।
4
12
প্রকৃতির এই অসীম বিস্তারের সঙ্গে তুলনা করেই দেবত্বের প্রকাশে নীল রঙের ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়।
5
12
ভগবান বিষ্ণুর নীল গায়ের রঙের পিছনেও রয়েছে এমনই এক ব্যাখ্যা। হিন্দু বিশ্বাসে, বিষ্ণু হলেন বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা। সমগ্র সৃষ্টির ভার তাঁর উপর।
6
12
তাঁর নীল রং সেই অসীম মহাবিশ্বের প্রতীক, যা তিনি নিজের মধ্যে ধারণ করে রয়েছেন। শিল্পীরা তাই বিষ্ণুর নীল রঙের মাধ্যমে তাঁর বিশাল দায়িত্ব, শক্তি এবং সীমাহীন ক্ষমতাকে ফুটিয়ে তুলেছেন।
7
12
শ্রীকৃষ্ণের নীল রঙের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম ও করুণার ভাবনা। রাধা, গোপী এবং সমগ্র সৃষ্টির প্রতি কৃষ্ণের ভালবাসাকে সীমাহীন হিসেবে কল্পনা করা হয়।
8
12
সেই অনন্ত ভালবাসার প্রতীক হিসেবেই তাঁর নীল রূপকে ব্যাখ্যা করা হয়। এখানে নীল রং শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, বরং এমন এক ভালোবাসার প্রতীক, যার কোনও সীমা নেই।
9
12
মহাদেবের নীল রঙের ব্যাখ্যা অবশ্য কিছুটা আলাদা। সমুদ্র মন্থনের সময় উঠে আসা ভয়ঙ্কর বিষ থেকে সৃষ্টিকে রক্ষা করতে শিব সেই বিষ পান করেছিলেন। বিষের প্রভাবে তাঁর কণ্ঠ নীল হয়ে যায়।
10
12
সেই থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। মহাদেবের নীল বরং আত্মত্যাগ, সহনশীলতা এবং জগতের কল্যাণে নিজের কষ্ট স্বীকার করার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
11
12
হিন্দু শিল্প ও ধর্মীয় ভাবনায় রং অনেক সময় বিশেষ গুণ, শক্তি এবং আধ্যাত্মিক দর্শন প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে। সেই অর্থে নীল রং অসীমতা ও অনন্তের ভাবনাকে মানুষের সামনে তুলে ধরে।
12
12
হিন্দুধর্মের ব্যাখ্যায় নীল রং নিছক একটি রং নয়, বরং অসীম শক্তি, ভালবাসা, দায়িত্ব এবং আত্মত্যাগের এক গভীর প্রকাশ।