আধার কার্ডের প্রয়োজন এখন প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি কাজে। ব্যাঙ্কের কাজ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া কিংবা বিভিন্ন পরিষেবার জন্য আধার অত্যন্ত জরুরি নথি। কিন্তু আধারে নতুন তথ্য যোগ করা বা পুরনো তথ্য সংশোধনের জন্য অনেককেই ছুটতে হয় আধার কেন্দ্রে।
2
10
বিশেষ করে প্রবীণ নাগরিক, শয্যাশায়ী রোগী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পক্ষে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কাজ করানো বেশ সমস্যার। তাঁদের কথা মাথায় রেখেই আধার কর্তৃপক্ষ (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউডিএআই) বাড়িতে বসেই আধার পরিষেবা বা আধার হোম সার্ভিস চালু করেছে।
3
10
এই পরিষেবায় নির্দিষ্ট ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বাড়িতে বসেই আধার সংক্রান্ত কাজ করাতে পারেন। তবে এই সুবিধা দেশের প্রত্যেক নাগরিকের জন্য নয়। কারা এই পরিষেবা পাবেন, কীভাবে আবেদন করবেন এবং কত টাকা খরচ হবে, তা জেনে রাখা জরুরি।
4
10
মূলত তিন ধরনের নাগরিক এই পরিষেবার জন্য আবেদন করতে পারেন। প্রথমত, প্রবীণ নাগরিক। দ্বিতীয়ত, গুরুতর অসুস্থ বা শয্যাশায়ী ব্যক্তি, যাঁদের পক্ষে আধার কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। তৃতীয়ত, বিশেষভাবে সক্ষম নাগরিক।
5
10
তবে বাড়িতে আধার পরিষেবা পাওয়ার জন্য সংশ্লিষ্ট আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ের আগাম অনুমতি নিতে হবে। আবেদনের সময় বয়সের প্রমাণপত্র, চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট অথবা বিশেষভাবে সক্ষম হওয়ার পরিচয়পত্র জমা দিতে হতে পারে।
6
10
আবেদন যাচাই করে অনুমতি দেওয়ার পরই বাড়িতে আধার পরিষেবার ব্যবস্থা করা হবে। আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করেই অনুমতি দেওয়া হবে। বাড়িতে আধার পরিষেবা নেওয়ার জন্য নির্ধারিত চার্জ জিএসটি-সহ ৭০০ টাকা।
7
10
এই টাকা বাড়িতে কর্মী পাঠানোর জন্য পরিষেবা-চার্জ। আধারের তথ্যের পরিবর্তন বা বায়োমেট্রিক আপডেটের জন্য প্রযোজ্য সরকারি ফি-এর সঙ্গে আলাদা করে দিতে হবে। একই ঠিকানায় একাধিক ব্যক্তি এই পরিষেবা নিলে প্রথম ব্যক্তির জন্য ৭০০ টাকা এবং অতিরিক্ত প্রত্যেকের জন্য ৩৫০ টাকা করে পরিষেবা-চার্জ ধার্য হতে পারে।
8
10
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমেও বাড়িতে বসে আধার সংক্রান্ত কিছু কাজ করানোর সুযোগ রয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় ডাককর্মী বা গ্রামীণ ডাক সেবক বাড়িতে এসে আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা বা পরিবর্তনের কাজ করে দেন। এর জন্য চার্জ ৭৫ টাকা। তবে এই সুবিধা বর্তমানে নির্বাচিত কিছু ডাকঘরেই পাওয়া যাচ্ছে।
9
10
পাঁচ বছরের কম বয়সি শিশুদের নতুন আধার কার্ড তৈরির ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই শিশুর বাল আধার তৈরি করানো যায়। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। শিশুর ছবি ও প্রয়োজনীয় তথ্য নেওয়ার পাশাপাশি মা-বাবার পরিচয় এবং বায়োমেট্রিক যাচাই করা হয়।
10
10
যাঁরা সরাসরি আধার কেন্দ্রে গিয়ে কাজ করাতে চান, তাঁদের জন্যও নির্দিষ্ট সরকারি ফি রয়েছে। নতুন আধার কার্ড তৈরি সম্পূর্ণ বিনামূল্যে। নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর বা ইমেল সংক্রান্ত তথ্য আলাদাভাবে সংশোধন করতে খরচ ৭৫ টাকা। আঙুলের ছাপ, চোখের মণি ও ছবি-সহ বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য ১২৫ টাকা দিতে হয়। বয়সভিত্তিক বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে অবশ্য বিশেষ ছাড় রয়েছে।