প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য নজির দেখা যায় আমেরিকার ইলিনয়েস প্রদেশে। সেখানে বছরে দু’বার একটি রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় যানবাহনের জন্য।
2
13
উদ্দেশ্য, হাজার হাজার সাপ, ব্যাঙ-সহ বিভিন্ন সরীসৃপ ও উভচর প্রাণীকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা। দক্ষিণ ইলিনয়েসের শনি ন্যাশনাল ফরেস্টের মধ্যে অবস্থিত এই রাস্তার নাম ‘স্নেক রোড’ ।
3
13
প্রায় আড়াই মাইল দীর্ঘ এই রাস্তায় নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচল বন্ধ থাকে, যাতে প্রাণীরা নির্বিঘ্নে নিজেদের ঋতুভিত্তিক বাসস্থানে যাতায়াত করতে পারে।
4
13
সাপেদের এই যাতায়াতের পিছনে রয়েছে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধান। একদিকে রয়েছে লারু সোয়াম্প যা উষ্ণ মরশুমে সাপেদের খাবার সংগ্রহের উপযুক্ত জায়গা। অন্যদিকে রয়েছে চুনাপাথরের পাহাড়ি খাড়া দেওয়াল, যেখানে শীতকালে আশ্রয় নেয় এই সরীসৃপগুলি।
5
13
বসন্তকালে সাপেরা শীতের আশ্রয় ছেড়ে জলাভূমির দিকে যায়। আবার শরৎকালে তাপমাত্রা কমতে শুরু করলে তারা ফিরে আসে চুনাপাথরের ফাটল ও অন্যান্য সুরক্ষিত জায়গায়।
6
13
এই যাত্রাপথে স্নেক রোড তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়। গাড়ির ধাক্কায় বহু প্রাণীর মৃত্যু হতে পারে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
7
13
আমেরিকার বন দপ্তরের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে জলাভূমি, বনভূমি ও তৃণভূমি-সহ ১৪ ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে ১,৩৫০টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সন্ধান পাওয়া যায়।
8
13
মিসিসিপি নদীর প্লাবনভূমির উপরে প্রায় ১৫০ ফুট উঁচু চুনাপাথরের দেওয়াল এই এলাকার বাস্তুতন্ত্রকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।
9
13
আমেরিকার বন দপ্তরের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি বছর ১৫ মার্চ থেকে ১৫ মে এবং ১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। তবে এই সময়ে পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন দর্শনার্থীরা।
10
13
১৯৭২ সালে প্রথম এই উদ্যোগ শুরু হয়েছিল। প্রথম দিকে বসন্ত ও শরৎকালে মাত্র তিন সপ্তাহ করে রাস্তা বন্ধ রাখা হত। পরে সরীসৃপ বিশেষজ্ঞ স্কট ব্যালার্ডের গবেষণায় দেখা যায়, প্রাণীদের এই যাতায়াত অনেক বেশি সময় ধরে চলে। তার পরেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়।
11
13
স্নেক রোডে গেলেই যে প্রচুর সাপ দেখা যাবে, এমন নিশ্চয়তা নেই। তাপমাত্রা, রোদ, বৃষ্টি ও বাতাসের উপর নির্ভর করে তাদের চলাচল। দর্শনার্থীদের সাপ ধরা, বিরক্ত করা বা সংগ্রহ করা নিষিদ্ধ। ছবি তোলার জন্যও তাদের স্পর্শ করা উচিত নয়।
12
13
সঙ্গে জল রাখা, আগে থেকেই রাস্তার দিকনির্দেশ ডাউনলোড করে নেওয়া এবং হাঁটার সময় পায়ের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। কারণ, সেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে পারে।
13
13
প্রকৃতিকে রক্ষা করার জন্য এই উদ্যোগের বার্তা স্পষ্ট—মানুষের সুবিধার পাশাপাশি অন্যান্য প্রাণীর নিরাপদে বেঁচে থাকার অধিকারকেও গুরুত্ব দিতে হবে। স্নেক রোডে তাই কয়েক মাসের জন্য গাড়ির গতি থামে, যাতে অবাধে চলতে পারে প্রকৃতির ছোট ছোট বাসিন্দারা।