বিমানের টিকিট ঠিক কোন সময় কাটলে সস্তা? এই প্রশ্ন কার্যত সবার। সোমবার মাঝরাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বিমানের টিকিট সস্তা হয়৷ ঠিক তখনই অ্যাপ খুলে বসেন অনেকে। কিন্তু ভ্রমণ অ্যাপ ‘হপার’-এর দাবি, মাঝরাতের এই তত্ত্ব আদতে একটি ‘মিথ’ বা গুজব। এর পেছনে কোনও সত্যতা নেই।
2
11
‘হপার’-এর প্রধান অর্থনীতিবিদ হেইলি বার্গ জানাচ্ছেন, বহু বছর আগে যখন প্রযুক্তির এত রমরমা ছিল না, তখন বিমানসংস্থাগুলির কর্মীরা শুক্রবার কাজ শেষ করে ছুটি নিতেন।
3
11
শনি ও রবিবার টিকিট বিক্রির খতিয়ান দেখে তাঁরা সোমবার অফিসে ফিরে হিসাব কষতেন। কোনও রুটে টিকিট কম বিক্রি হলে মঙ্গলবার তার দাম কমিয়ে দেওয়া হত।
4
11
কিন্তু গত ১৫ বছরে খোলনলচে বদলে গিয়েছে গোটা ব্যবস্থার। এখন ‘মেশিন লার্নিং রেভেনিউ মডেল’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুহূর্তের মধ্যে টিকিটের দাম নির্ধারিত হয়। ফলে সোমবার মাঝরাতের নিয়মে আর সস্তায় টিকিট মেলে না।
5
11
তাহলে পকেট বাঁচাতে এখন কী করণীয়? সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় মঙ্গল ও বুধবার বিমানের টিকিটের দাম সবচেয়ে কম থাকে।
6
11
তথ্য বলছে, বুধবারে টিকিট কাটলে দেশের ভেতরের ফ্লাইটে প্রায় ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৮ শতাংশ পর্যন্ত টাকা বাঁচানো সম্ভব।
7
11
‘গুগল ফ্লাইটস’ বা ‘হপার’-এর ক্যালেন্ডার দেখলেই বোঝা যায়, যাত্রার দিন সামান্য এদিক-ওদিক করলেই হাজার হাজার টাকা বেঁচে যায়। শুধু দিন নয়, নজর রাখতে হবে সময়ের ওপরেও।
8
11
উদাহরণ হিসেবে বলা যায়, উৎসবের মরশুমের ঠিক পরদিন সকাল ৬টার ফ্লাইটের টিকিট, রাত ৯টার ফ্লাইটের তুলনায় প্রায় ৩০০ ডলার সস্তা হতে পারে। সস্তায় ঘুরতে হলে ভোরের দিকে ঘুম বিসর্জন দেওয়া ছাড়া উপায় নেই।
9
11
‘এক্সপিডিয়া’র একটি রিপোর্ট জানাচ্ছে, একেবারে শেষ মুহূর্তে টিকিট না কেটে যদি অন্তত এক মাস আগে বুকিং সেরে রাখা যায়, তবে গড়ে প্রায় ২৪ শতাংশ খরচ কম হয়।
10
11
ভ্রমণ সংস্থা ‘কায়াক’-এর মতে, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে বিমানের টিকিটের দাম সাধারণত সবচেয়ে কম থাকে।
11
11
কারণ, ক্রিসমাস ও নিউ ইয়ারের ছুটির ঠিক পরপরই পর্যটকদের চাপ কমে যায়। তাই যদি অগাস্টের গরমে ইউরোপ বেড়ানোর পরিকল্পনা থাকে, তবে তার টিকিট জানুয়ারি মাসেই কেটে রাখা বুদ্ধিমানের কাজ। এতে প্রায় ২০ শতাংশ খরচ বাঁচানো সম্ভব।