আজকাল ওয়েবডেস্ক: কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার)-এ চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে প্রতিষ্ঠানে। এ জন্য অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
2
7
বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত প্রতিষ্ঠানে শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে। সেগুলি হল- সিনিয়র সুপারিন্টেডেন্ট, কাউন্সেলর, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (এমএস), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এমএস), অ্যাটেন্ডেন্ট এবং প্রাইভেট সেক্রেটারি। মোট শূন্যপদের সংখ্যা ১৮। এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।
3
7
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলি গ্রুপ বি বা গ্রুপ সি স্তরের। নিযুক্তদের মাসিক বেতন নির্ধারিত হবে কেন্দ্রের সপ্তম বেতন কাঠামো মেনে। পদ ভেদে, মাসিক বেতনকাঠামো লেভেল ১ থেকে সর্বাধিক লেভেল ৭ পর্যন্ত হতে পারে। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
4
7
বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩০, ৩২, ৩৩, ৩৫, ৩৮ অথবা ৪০ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে থাকবে বয়সের ছাড়।
5
7
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (এমএস) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৫০ শতাংশ। থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা। এ ছাড়াও প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতা। একইভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার পৃথক মানদণ্ড রয়েছে।
6
7
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এরপর আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে উল্লিখিত ঠিকানাতেও। পাশাপাশি, সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জমা দিতে হবে যথাক্রমে ৫০ টাকা এবং ৫০০ টাকা। প্রাইভেট সেক্রেটারি পদে অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ২১ এবং ৩১ অক্টোবর। অন্য দিকে, বাকি পদগুলির ক্ষেত্রে অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন ১৯ এবং ২৯ অক্টোবর।
7
7
এরপর বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে। উত্তীর্ণদের পরবর্তী ধাপে দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই এরপর বিভিন্ন পদে নিয়োগ করা হবে।