মহাবিশ্বে কি সত্যিই রয়েছে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী? পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে কি প্রাণের অস্তিত্ব রয়েছে? বিজ্ঞানের জগতে দীর্ঘদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা।
2
11
এবার সেই রহস্যের সমাধানের পথে বড় পদক্ষেপ করলেন বিজ্ঞানীরা। গবেষণায় এমন ৪৫টি পৃথিবীর মত গ্রহের সন্ধান মিলেছে, যেখানে প্রাণের অস্তিত্ব থাকার অনুকূল পরিবেশ থাকতে পারে।
3
11
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই গ্রহগুলির কয়েকটি পৃথিবী থেকে মাত্র কয়েক দশক আলোকবর্ষ দূরে অবস্থিত। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের কার্ল সাগান ইনস্টিটিউটের গবেষকরা এই গ্রহগুলিকে চিহ্নিত করেছেন।
4
11
তাঁদের গবেষণায় উঠে এসেছে, এই ৪৫টি গ্রহই রয়েছে তথাকথিত ‘হ্যাবিটেবল জোন’ বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে। অর্থাৎ, এই গ্রহগুলি তাদের নক্ষত্র থেকে এমন দূরত্বে অবস্থান করছে, যেখানে তাপমাত্রা খুব বেশি বা খুব কম হওয়ার সম্ভাবনা নেই।
5
11
ফলে সেখানে তরল জলের অস্তিত্ব থাকতে পারে। আর পৃথিবীতে প্রাণের অস্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল জল।
6
11
গবেষকদের দাবি, এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রায় ৬ হাজার এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহের মধ্যে এই ৪৫টি গ্রহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও ২৪টি গ্রহকে ত্রিমাত্রিক বাসযোগ্য অঞ্চলের মধ্যে চিহ্নিত করা হয়েছে।
7
11
গবেষণার অন্যতম লেখক অধ্যাপক লিসা কালটেনেগারের মতে, প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় পরিবেশ সম্পর্কে মানুষের বর্তমান ধারণার বাইরেও অনেক সম্ভাবনা থাকতে পারে। তাই কোন গ্রহগুলিতে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা বেশি, তা চিহ্নিত করা অত্যন্ত জরুরি।
8
11
তবে এই গ্রহগুলিতে পৌঁছনো এখনও কার্যত অসম্ভব। নাসার হিসাব অনুযায়ী, বর্তমান প্রযুক্তিতে নক্ষত্রমণ্ডলে পৌঁছতে অন্তত ৮ লক্ষ বছর সময় লাগতে পারে।
9
11
যদিও ভবিষ্যতে নিউক্লিয়ার পালস প্রপালশনের মতো উন্নত মহাকাশযান প্রযুক্তি ব্যবহার করা গেলে এই সময় কয়েক শতকে নামিয়ে আনা সম্ভব হতে পারে।
10
11
এই গ্রহগুলিতে প্রাণের অস্তিত্ব খুঁজতে বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এবং এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপের মতো উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়ার পরিকল্পনা করছেন।
11
11
গবেষক গিলিস লোরির কথায়, কোথায় প্রাণের অস্তিত্ব রয়েছে, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে কোথায় খোঁজ চালানো উচিত, তা চিহ্নিত করাই প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ, এলিয়েনের অস্তিত্ব এখনও প্রমাণিত না হলেও, মহাকাশে প্রাণের সন্ধানের সম্ভাব্য ঠিকানাগুলি এবার আরও স্পষ্ট হল।