রাজস্থানের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচনে শাসক দল বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে বিপুল জয়ের পথে এগিয়ে গেল বিরোধী দল কংগ্রেস। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভোটগণনায় গ্রামাঞ্চলে বিজেপির ভরাডুবির ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে।
2
9
রাজ্যের মানুষের এই রায়কে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এই নির্বাচনে বামপন্থী দল সিপিআই(এম)-ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে।
3
9
রাজ্য নির্বাচন কমিশনের রাত সাড়ে আটটা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৭টি জেলার মোট ৭,৫৪৩টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে কংগ্রেস একাই ৩,৭৫৮টি আসনে জয়লাভ করেছে, যেখানে বিজেপি আটকে রয়েছে ২,২১৩টি আসনে। এই স্তরে সিপিআই(এম) জিতেছে ৫০টি আসন।
4
9
এ ছাড়াও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি), ভারত আদিবাসী পার্টি (বিএপি) এবং নির্দল প্রার্থীরাও বেশ কিছু আসনে জয় পেয়েছেন। অন্যদিকে, জেলা পরিষদের ১,২৭৫টি আসনের মধ্যেও কংগ্রেসের একাধিপত্য বজায় রয়েছে। তারা ইতিমধ্যে ৭৭২টি আসন দখল করেছে, সেখানে বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৩৫২টি আসন এবং সিপিআই(এম) জিতেছে ৭টি আসনে।
5
9
এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, শাসক দলের একাধিক হেভিওয়েট নেতার পরিবারের সদস্যদের শোচনীয় পরাজয়। রাজ্যের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী তথা বিজেপি নেতা ঝাওয়ার সিং খারার পরিবারের চার সদস্যই ভোটে হেরে গিয়েছেন। পরাজিতদের তালিকায় রয়েছেন মন্ত্রীর স্ত্রী শান্তি দেবী, দুই ছেলে অজয় সিং ও দুর্গা সিং এবং ভাইয়ের স্ত্রী প্রতিমা খাররা।
6
9
এঁদের মধ্যে শান্তি দেবী ও অজয় বিজেপির প্রতীকে লড়লেও দুর্গা সিং নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। একইভাবে কাঠুমারের বিজেপি বিধায়ক রমেশ খিনচির দুই পুত্রবধূ দীপিকা ও বিন্দুও পরাজিত হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মন্ত্রীর পরিবারের সদস্যদের এই পরাজয় প্রমাণ করে যে রাজ্যে বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ কতটা গভীর।
7
9
তবে উল্টোদিকে, সিকর ও বিকানেরে কংগ্রেসের প্রাক্তন স্পিকার দীপেন্দ্র সিং শেখাওয়াতের পুত্রবধূ, প্রাক্তন মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়ালের মেয়ে এবং বিধায়ক সুশীল ডুডির পুত্রবধূ জয়ী হয়েছেন। অবশ্য আলওয়ারে কংগ্রেস সাংসদ সঞ্জনা জাটভের ভগ্নিপতিকে হারের মুখ দেখতে হয়েছে।ভোটের এই ফলাফল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য তথা সিকরের সাংসদ অমরা রাম। তিনি বলেন, “রাজ্যের মানুষ বিজেপিকে বড়সড় ঝটকা দিয়েছে।
8
9
রাজ্যে বিজেপির সরকার থাকা সত্ত্বেও তাদের ভূমিকায় কৃষিজীবী এবং গ্রামীণ মানুষ যে চরম ক্ষুব্ধ, তা এই ফলেই স্পষ্ট।” তিনি আরও যোগ করেন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সিপিআই(এম)-এর ধারাবাহিক সংগ্রামের ফলেই পঞ্চায়েত নির্বাচনে দলের আসন বেড়েছে এবং সাধারণ মানুষের ভরসা আরও দৃঢ় হয়েছে।
9
9
প্রসঙ্গত, রাজস্থানের মোট ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলায় এই ভোটগণনা চলছে। বাকি চারটি জেলা— কোটা, বারান, করৌলি এবং শ্রী গঙ্গানগরের বর্তমান পঞ্চায়েত বোর্ডের পাঁচ বছরের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। সেই কারণে ওই চার জেলার ১২৮টি জেলা পরিষদ এবং ৭০২টি পঞ্চায়েত সমিতি আসনের ভোটগণনা আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।