হোটেলে চেক-ইন, হাসপাতালে ভর্তি কিংবা গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত কোনও কাজে যোগ দিতে গেলে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই। কিন্তু এবার সেই পুরনো পদ্ধতিতে বদল আনতে উদ্যোগী হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
2
12
আধার সংক্রান্ত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও নিরাপদ, সহজ এবং ডিজিটাল করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় এই সংস্থা। চলতি বছরের শুরু থেকে UIDAI-এর অফলাইন পরিচয় যাচাই ব্যবস্থায় যুক্ত হয়েছে ৩০০টি সংস্থা। এর ফলে আধার কার্ডের ফিজিক্যাল ফটোকপি জমা না দিয়েই পরিচয় যাচাই করা সম্ভব হবে।
3
12
নতুন করে যুক্ত হওয়া সংস্থাগুলিকে বলা হচ্ছে অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটি। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, হোটেল ও আতিথেয়তা, ইভেন্ট ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্থা এই তালিকায় রয়েছে।
4
12
এই ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলি UIDAI-এর কেন্দ্রীয় ডেটাবেসে প্রবেশ না করেই কোনও ব্যক্তির পরিচয় যাচাই করতে পারবে। ফলে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও কমানো সম্ভব হবে।
5
12
এই গোটা প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে আধার অ্যাপ। কোনও ব্যক্তি পরিচয় যাচাই করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিজের তথ্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
6
12
তবে তার আগে ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি প্রয়োজন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পদ্ধতিতে ব্যবহারকারীর ১২ সংখ্যার আধার নম্বর সংশ্লিষ্ট সংস্থার কাছে পৌঁছবে না। এমনকী, নিজের সম্পূর্ণ ব্যক্তিগত তথ্যও ভাগ করে দিতে হবে না। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দমতো নির্দিষ্ট কিছু তথ্যই যাচাইয়ের জন্য দিতে পারবেন।
7
12
UIDAI জানিয়েছে, গত এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে প্রথম ১০০টি সংস্থাকে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছিল। সেখান থেকে বর্তমানে সংখ্যাটি বেড়ে ৩০০ হয়েছে।
8
12
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের মূল নীতি অনুযায়ী ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সম্মতি এবং প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ না করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
9
12
শুধু পরিচয় যাচাই নয়, আধার অ্যাপের অন্যান্য পরিষেবাও জনপ্রিয় হচ্ছে। এখনও পর্যন্ত অ্যাপটি প্রায় ৭.৫ কোটি বার ডাউনলোড হয়েছে।
10
12
এর মধ্যে ৮৬ লক্ষেরও বেশি মানুষ আধার কেন্দ্রে না গিয়েই অ্যাপের মাধ্যমে নিজেদের নথিভুক্ত মোবাইল নম্বর আপডেট করেছেন। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ২২ লক্ষের বেশি ঠিকানা পরিবর্তন এবং ৪০ লক্ষ ইমেল আপডেট করা হয়েছে।
11
12
নিরাপত্তার ক্ষেত্রেও আধার অ্যাপের ব্যবহার বেড়েছে। এখনও পর্যন্ত বায়োমেট্রিক লক ও আনলক পরিষেবায় ৪.৬ কোটি লেনদেন নথিভুক্ত হয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আঙুলের ছাপ ও চোখের মণির তথ্যভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ নিয়ন্ত্রণ করতে পারেন।
12
12
সব মিলিয়ে, আধার ব্যবস্থাকে আরও ডিজিটাল ও গোপনীয়তাবান্ধব করে তুলতে চাইছে UIDAI। আগামী দিনে হোটেল, হাসপাতাল-সহ বিভিন্ন পরিষেবায় আধার কার্ডের ফটোকপির বদলে সম্মতিভিত্তিক ডিজিটাল পরিচয় যাচাই আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।