ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি প্রথম সারির অর্থনীতির ওপর নতুন করে চড়া শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এই দেশগুলো তাদের ঘরোয়া শিল্পক্ষেত্রকে অতিরিক্ত ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে বিপুল পরিমাণে পণ্য উৎপাদন করছে, যা সরাসরি মার্কিন সংস্থাগুলোর ব্যবসার ক্ষতি করছে।
2
9
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের দীর্ঘ কয়েকমাসের শুল্ক সংক্রান্ত তদন্তের রিপোর্ট চলতি সপ্তাহেই প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার। ‘ব্লুমবার্গ’-এর রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই এই নতুন শুল্কের ঘোষণা করতে পারে ওয়াশিংটন। যদিও এই বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআর-এর তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
3
9
প্রস্তাবিত এই নতুন শুল্কের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও একগুচ্ছ দেশ। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার (Section 301) অধীনে গত ১১ মার্চ ভারত, চিন, ইউরোপীয় ইউনিয়ন-সহ মোট ১৬টি দেশের শিল্প ভর্তুকির ওপর তদন্ত শুরু করেছিল আমেরিকা।
4
9
এই আইন অনুযায়ী, কোনও দেশের বাণিজ্য নীতি অন্যায্য বলে প্রমাণিত হলে মার্কিন প্রেসিডেন্ট তার ওপর শুল্ক আরোপ করতে পারেন। জেমিসন গ্রিয়ারের বক্তব্য অনুযায়ী, সরকারি ভর্তুকির জেরে এই দেশগুলোর উৎপাদন ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গিয়েছে এবং তারা বিশ্ববাজারে সস্তায় পণ্য ছেড়ে মার্কিন উৎপাদকদের কোণঠাসা করে দিচ্ছে।
5
9
নতুন এই ঘোষণার ফলে সংশ্লিষ্ট দেশগুলো থেকে আমেরিকায় রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যের ওপরই বাড়তি শুল্ক বসতে চলেছে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্যকে সম্ভবত এই তালিকার বাইরে রাখা হবে, কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে সেগুলোর ওপর আগে থেকেই আলাদা শুল্ক কার্যকর রয়েছে।
6
9
চূড়ান্ত শুল্কের হার কত হবে তা এখনও স্পষ্ট না হলেও, ট্রাম্প প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে ২০২৫ সালে প্রেসিডেন্ট যে হারে শুল্ক বসিয়েছিলেন, নতুন শুল্কের হারও অনেকটা তেমনই রাখা হতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার সেই শুল্ক নীতি বাতিল করে দিয়েছিল।
7
9
এছাড়া, গত জুলাই মাসে বিদেশি সরবরাহ শৃঙ্খলে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত একটি তদন্ত শেষ করে ইউএসটিআর এই ১৬টি দেশ-সহ বহু বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক বসানোর সুপারিশ করেছিল। মনে করা হচ্ছে, বর্তমান নতুন শুল্ক সেই পুরনো শুল্কের ওপরেই অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
8
9
আমেরিকার এই পদক্ষেপের ফলে ভারত ও আমেরিকার মধ্যে চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাতেও নতুন জটিলতা তৈরি হতে পারে। গত কয়েক মাস ধরেই দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, যার প্রাথমিক রূপরেখা ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট গত বছরের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় বসানো শুল্ক খারিজ করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে যায়।
9
9
এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি চাইছে, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার যেন বাংলাদেশ, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম রাখা হয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্কের খাঁড়া ভারতের সেই রপ্তানি কৌশলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।