পোস্ট অফিসের MIS-এ ৯ লক্ষ-১৫ লক্ষের নিয়ম কী? প্রতি মাসে কত সুদ পাবেন? জেনে নিন বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১ : ১৬
শেয়ার করুন
1
12
সঞ্চয়ের ক্ষেত্রে অনেকেই এমন একটি প্রকল্প খোঁজেন, যেখানে এককালীন টাকা বিনিয়োগ করে নিয়মিত মাসিক আয় পাওয়া যায়। সেই কারণেই পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme) বা MIS-এর প্রতি আগ্রহ রয়েছে বহু মানুষের। বিশেষ করে অবসরপ্রাপ্ত বা নিয়মিত মাসিক আয়ের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের কাছে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ হতে পারে।
2
12
তবে MIS-এ টাকা রাখার ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের সীমা কত, একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন কি না, আসুন জেনে নেওয়া যাক।
3
12
সরকারি নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি নিজের নামে একটির বেশি MIS অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে একাধিক অ্যাকাউন্ট খুললেও মোট বিনিয়োগ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।
4
12
বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি নিজের নামে প্রত্যেকটি MIS অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখতে পারবেন৷ ২০২৩ সালে এই সীমা বাড়ানো হয়েছিল। আগে একক অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা ছিল ৪.৫ লক্ষ টাকা।
5
12
MIS-এ বর্তমানে জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ₹১৫ লক্ষ পর্যন্ত জমা করা যায়। একজন, দু'জন বা তিনজন প্রাপ্তবয়স্ক মিলে নির্দিষ্ট নিয়মে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
6
12
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যৌথ অ্যাকাউন্টে থাকা পুরো টাকাকে প্রত্যেক ব্যক্তির আলাদা বিনিয়োগ হিসেবে ধরা হয় না। অ্যাকাউন্টে যতজন সদস্য রয়েছেন, সেই অনুযায়ী প্রত্যেকের অংশ হিসেব করা হয়।
7
12
পোস্ট অফিসের MIS অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১,০০০ টাকা জমা করতে হয়। একটি অ্যাকাউন্ট খোলার সময় একবারেই সেই টাকা জমা করতে হয়।
8
12
এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যই হল মাসিক সুদের সুবিধা। অ্যাকাউন্টে টাকা জমা করার পর প্রতি মাসে সুদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে MIS-এর সুদের হার ৭.৪ শতাংশ বার্ষিক হিসেবে নির্ধারিত। তবে সুদের হার সরকার সময় সময় পরিবর্তন করতে পারে।
9
12
উদাহরণ হিসেবে, ৯ লক্ষ টাকা একক MIS-এ রাখা হলে ৭.৪ শতাংশ বার্ষিক হারে বছরে সুদ দাঁড়ায় প্রায় ৬৬,৬০০ টাকা। অর্থাৎ মাসে প্রায় ৫,৫৫০ টাকা সুদ পাওয়া যেতে পারে। আর ১৫ লক্ষের যৌথ অ্যাকাউন্ট হলে একই হারে বছরে সুদ প্রায় ১,১১,০০০ টাকা অর্থাৎ মাসে মাসে ৯,২৫০ টাকা সুদ পাওয়া যাবে৷
10
12
MIS-এর মেয়াদ ৫ বছর। মেয়াদ পূর্ণ হলে মূল টাকা ফেরত পাওয়ার নিয়ম রয়েছে। তবে নির্দিষ্ট শর্ত মেনে মেয়াদ শেষ হওয়ার আগেও অ্যাকাউন্ট বন্ধ করা যায়।
11
12
সরকারি নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার এক বছর পূর্ণ হওয়ার আগে সাধারণত MIS অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। তিন বছর পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা টাকার উপর ২ শতাংশ এবং তিন বছর পর কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে বন্ধ করলে ১ শতাংশ কাটার নিয়ম রয়েছে।
12
12
তাই MIS-এ টাকা রাখার আগে নিজের মাসিক আয়ের প্রয়োজন, বিনিয়োগের সময়সীমা এবং টাকার প্রয়োজন হওয়ার সম্ভাবনা—সবকিছু বিবেচনা করা জরুরি।