গোলাপি নুন, বিট নুন নাকি সাধারণ সাদা নুন, কোনটি সবচেয়ে স্বাস্থ্যকর? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ১৭ : ১৮
শেয়ার করুন
1
9
রান্নায় নুন ছাড়া এক মুহূর্তও ভাবা যায় না। খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্যও নির্দিষ্ট পরিমাণে নুন প্রয়োজন। কিন্তু বাজারে এখন সাধারণ সাদা নুনের পাশাপাশি গোলাপি নুন, সৈন্ধব লবণ, বিট নুন, সি সল্টের মতো নানা ধরনের নুন পাওয়া যায়। অনেকেই মনে করেন, সাধারণ সাদা নুনের তুলনায় এই নুনগুলি বেশি স্বাস্থ্যকর।
2
9
কেউ কেউ আবার রোজের রান্নাতেও সাদা নুনের বদলে গোলাপি নুন বা সৈন্ধব লবণ ব্যবহার করছেন। কিন্তু সত্যিই কি এই নুনগুলি বেশি উপকারী? কোন নুন প্রতিদিন খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, নুনের রং এর থেকেও নুনের আয়োডিনের পরিমাণ বেশি গুরুত্বপূর্ণ।
3
9
১. সাধারণ সাদা নুন: বিশুদ্ধ নুন স্বাভাবিকভাবেই সাদা হয়। ভারতে ব্যবহৃত অধিকাংশ নুন সমুদ্রের জল থেকে সংগ্রহ করা হয়। রোদে শুকিয়ে পরিষ্কার করার পর তাতে আয়োডিন মেশানো হয়। ভারতে খাওয়ার জন্য বিক্রি হওয়া সাধারণ নুনে আয়োডিন থাকা বাধ্যতামূলক।
4
9
গোলাপি নুন, সৈন্ধব লবণ ও বিট নুনসাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে গোলাপি নুন এবং সৈন্ধব লবণের জনপ্রিয়তা বেড়েছে। অনেকেই মনে করেন, এই নুনগুলিতে প্রচুর খনিজ পদার্থ রয়েছে, যা শরীরের জন্য উপকারী। কিন্তু চিকিৎসকের মতে, এই নুনগুলিতে থাকা অতিরিক্ত খনিজ পদার্থের পরিমাণ এতটাই কম যে তা থেকে শরীরের বিশেষ কোনও উপকার পাওয়ার সম্ভাবনা নেই।
5
9
অন্যদিকে, গোলাপি নুন, সৈন্ধব লবণ এবং বিট নুনে আয়োডিনের পরিমাণ খুবই কম। ফলে প্রতিদিনের রান্নায় এগুলিকে সাধারণ আয়োডিনযুক্ত নুনের বিকল্প হিসেবে ব্যবহার করা ঠিক নয়।
6
9
সি সল্ট বা সামুদ্রিক নুন: অনেকেই মনে করেন, সি সল্ট মানেই স্বাস্থ্যকর নুন। চিকিৎসকের মতে, সামুদ্রিক নুনে আয়োডিন থাকবে কি না, তা নির্ভর করে সেটি আয়োডিনযুক্ত কি না তার উপর। তাই সি সল্ট কিনলে প্যাকেটের গায়ে 'আইডাইজড' লেখা রয়েছে কি না, অবশ্যই দেখে নেওয়া উচিত।
7
9
লো-সোডিয়াম নুন: যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের অনেক সময় কম সোডিয়ামযুক্ত নুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এই নুন সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে কিডনির সমস্যা রয়েছে, রক্তচাপের ওষুধ খাচ্ছেন অথবা পটাশিয়ামের মাত্রা প্রভাবিত হতে পারে এমন ওষুধ ব্যবহার করছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া লো-সোডিয়াম নুন খাওয়া উচিত নয়।
8
9
চিকিৎসকের পরামর্শ, প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত নুন ব্যবহার করাই সবচেয়ে ভাল। কারণ শরীরের থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজকর্ম এবং বিপাকক্রিয়ার জন্য আয়োডিন প্রয়োজন। শরীরে আয়োডিনের ঘাটতি হলে গলগণ্ড, হাইপোথাইরয়েডিজম, স্মৃতিশক্তির সমস্যা-সহ নানা জটিলতা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় পর্যাপ্ত আয়োডিন না পেলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশও প্রভাবিত হতে পারে।
9
9
তবে আয়োডিনযুক্ত নুন খেলেই যে ইচ্ছেমতো নুন খাওয়া যাবে, তা নয়। চিকিৎসকের মতে, সারাদিনে মোট নুন খাওয়ার পরিমাণ এক চা চামচের মধ্যে রাখা উচিত। রান্নার নুনের পাশাপাশি আচার, পাঁপড় এবং অন্যান্য খাবারে থাকা নুনের পরিমাণও হিসাবের মধ্যে রাখতে হবে। অর্থাৎ নুনের রং বা দাম দেখে নয়, প্যাকেটের গায়ে আয়োডিনের উপস্থিতি দেখে নুন কেনাই বুদ্ধিমানের কাজ। আর শরীর সুস্থ রাখতে নুন খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করাও সমান জরুরি।