ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী কিশোর-কিশোরীদের জন্য কড়া বিধিনিষেধ জারি করতে সম্মত হল মেটা। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একাধিক মামলা মেটাতে প্রায় ১,৮০০ কোটি ডলার (১৮ বিলিয়ন ডলার) পর্যন্ত জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মতি জানিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
2
10
অভিযোগ উঠেছিল, অল্পবয়সিদের প্ল্যাটফর্মে আসক্ত করতে নানা বিভ্রান্তিকর ফিচার এনেছিল মেটা এবং তাদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অন্ধকারে রেখেছিল।
3
10
এমনকি ১৩ বছরের কম বয়সি শিশুদের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ব্যবহারের মতো গুরুতর অভিযোগও তোলা হয়। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে মেটা, তবে আদালতের চূড়ান্ত ছাড়পত্র মিললেই এই নয়া নিয়ম কার্যকর হবে।
4
10
প্রস্তাবিত এই সমঝোতা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনে সর্বোচ্চ ২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হবে। কোনো কিশোর বা কিশোরীর একাধিক অ্যাকাউন্ট থাকলেও সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে ওই নির্দিষ্ট দুই ঘণ্টাই স্ক্রিন-টাইম গণনা করা হবে, তবে অভিভাবকরা চাইলে এই সীমা শিথিল করতে পারবেন।
5
10
এছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অপ্রাপ্তবয়স্কদের জন্য অ্যাপের অধিকাংশ অংশ বন্ধ রাখা হবে এবং স্কুল চলার সময় অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত জরুরি নিরাপত্তা বার্তা ছাড়া বাকি সব নোটিফিকেশন নিজে থেকেই নিঃশব্দ (Mute) থাকবে।
6
10
পাশাপাশি পোস্টের লাইক বা রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখা, ক্ষতিকর মেকআপ ফিল্টার বন্ধ করা এবং অ্যালগরিদম বাদ দিয়ে সময় অনুযায়ী পোস্ট দেখার সুযোগ দেওয়ার মতো একাধিক সুরক্ষামূলক পদক্ষেপ করতে বাধ্য থাকবে মেটা।
7
10
মেটার এই নিয়ম রূপায়ণের বিষয়টি খতিয়ে দেখবে একটি স্বাধীন পর্যবেক্ষক দল। ১০ বছরের মেয়াদে মেটা প্রায় ১,২৭০ কোটি ডলার দেওয়ার বিষয়ে নিশ্চিত সম্মতি জানিয়েছে।
8
10
বাকি প্রায় ৫৩০ কোটি ডলারের অঙ্কটি নির্ভর করছে স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো অন্যান্য বড় প্ল্যাটফর্মগুলিও একই নীতি কার্যকর করছে কি না তার ওপর।
9
10
পুরো সোশ্যাল মিডিয়া শিল্পে এই সুরক্ষাবলয় তৈরি হলে নিয়ম আরও কড়া হবে—তখন দৈনিক স্ক্রিন-টাইম নেমে আসবে এক ঘণ্টায় এবং রাতের বিধিনিষেধ চালু হবে রাত ১০টা থেকেই।
10
10
টিকটক ও ইউটিউবকেও এই নিয়ম মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মেটা, যাতে একটি অ্যাপে কড়াকড়ি হলে কিশোর-কিশোরীরা অন্য মাধ্যমে ঝুঁকে না পড়ে। আমেরিকার ৫২টি রাজ্য ও অঞ্চলের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে এই সমঝোতা আগামী ১০ বছর বলবৎ থাকবে।