পেট্রোলে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইথানল মেশানোর অভিযোগ ঘিরে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা এবং কর্নাটক সরকারের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। কর্নাটকের একাধিক পেট্রোল পাম্পে বিক্রি হওয়া পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গিয়েছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য সরকার।
2
11
এমনকী, কয়েকটি নমুনায় ইথানলের পরিমাণ ৩১.২ শতাংশ পর্যন্ত বলে দাবি করা হয়। তবে রাজ্য সরকারের এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন।
3
11
শুক্রবার তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, কর্নাটক সরকারের প্রকাশিত পরীক্ষার রিপোর্ট নির্ধারিত আইনি ও প্রযুক্তিগত পদ্ধতি মেনে তৈরি করা হয়নি। ফলে ওই রিপোর্টের ভিত্তিতে পেট্রোলে অতিরিক্ত ইথানল থাকার অভিযোগ গ্রহণযোগ্য নয় বলেই দাবি সংস্থাগুলির।
4
11
কর্নাটকের খাদ্য, নাগরিক সরবরাহ, উপভোক্তা বিষয়ক ও আইনি পরিমাপ দপ্তরের মন্ত্রী রিজওয়ান আরশাদ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, রাজ্যের একাধিক জেলায় পেট্রোলে নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গিয়েছে।
5
11
বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, বেঙ্গালুরু গ্রামীণ, রামনগর, মেঙ্গালুরু এবং তুমাকুরু থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এই তথ্য সামনে এসেছে বলে জানান তিনি। সেই সঙ্গে সংশ্লিষ্ট তেল সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় রাজ্য সরকার।
6
11
তবে তেল সংস্থাগুলির দাবি, তারা দেশজুড়ে, কর্নাটক-সহ সমস্ত রাজ্যে E20 পেট্রল সরবরাহ করছে, যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের নির্ধারিত IS 17021 মান মেনে তৈরি। সংস্থাগুলির বক্তব্য, ২০২৬ সালের অক্টোবর মাসে নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি নিয়েই তাদের আপত্তি রয়েছে।
7
11
তেল সংস্থাগুলি জানিয়েছে, ২০০৫ সালের মোটর স্পিরিট অ্যান্ড হাই স্পিড ডিজেল নিয়ন্ত্রণ বিধি এবং ২০২৪ সালের মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইন অনুযায়ী, পেট্রোলের নমুনা সংগ্রহের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মে ছয়টি এক লিটারের নমুনা সংগ্রহ করতে হয়।
8
11
এর মধ্যে দুটি পেট্রোল পাম্পের ডিলারকে, দুটি তেল সংস্থা বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে এবং বাকি দুটি নির্ধারিত পরীক্ষাগারে পাঠানোর কথা। নমুনার লেবেলে সংশ্লিষ্ট পক্ষগুলির স্বাক্ষরও বাধ্যতামূলক।
9
11
সংস্থাগুলির আরও অভিযোগ, অক্টোবর মাসে নমুনা সংগ্রহের সময় তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। এমনকী, পরীক্ষার জন্য পাঠানো নমুনার বিস্তারিত তথ্য, সংরক্ষিত নমুনা এবং পরীক্ষাগারের পূর্ণাঙ্গ রিপোর্টও তাদের দেওয়া হয়নি।
10
11
তৃতীয় পক্ষের একটি পরীক্ষাগারের শংসাপত্রের ভিত্তিতে অতিরিক্ত ইথানলের অভিযোগ করা হয়েছে বলেও দাবি তাদের। ফলে ওই পরীক্ষার ফলাফল স্বাধীনভাবে যাচাই করার সুযোগ মেলেনি।
11
11
প্রয়োজনে পুনরায় পরীক্ষা করার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন সংশ্লিষ্ট ডিলার ও তেল সংস্থাগুলি। এই পরিস্থিতিতে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা না হওয়া পর্যন্ত কর্নাটক সরকারের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।