সস্তা বলে ৯ ক্যারেট সোনার গয়না কিনছেন? কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
নিজস্ব সংবাদদাতা
২ মে ২০২৬ ১৭ : ৩২
শেয়ার করুন
1
11
সোনার দাম বাড়ছে, সেইসঙ্গে সোনার গয়নার চাহিদাও বাড়ছে৷ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আজ ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা৷ প্রতি ১০ গ্রামে সোনার দাম দেড় লাখের কাছাকাছি, মধ্যবিত্ত বাঙালির সোনার গয়না কেনার স্বপ্নে ভাটার টান পড়াটাই স্বাভাবিক।
2
11
এই পরিস্থিতিতেই বাজারে নতুন করে আলোচনায় উঠে এসেছে ‘৯ ক্যারেট সোনা’। কম দামে সোনার গয়নার এই বিকল্পটি কতটা নির্ভরযোগ্য? এই সোনায় গয়না গড়ানো কি বুদ্ধিমানের কাজ? চলুন, খতিয়ে দেখা যাক।
3
11
ক্যারেট হলো সোনার বিশুদ্ধতা মাপার একক। ২৪ ক্যারেট মানে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা— কিন্তু সেটি এতটাই নরম যে গয়না বানানোর কাজে সরাসরি ব্যবহার করা যায় না। তাই তামা, রুপো বা দস্তার মতো অন্য ধাতু মিশিয়ে সোনাকে কঠিন করা হয়। এই মিশ্রণের অনুপাতেই ঠিক হয় গয়নার ক্যারেট।
4
11
৯ ক্যারেট সোনার গয়নায় থাকে মাত্র ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা— বাকি ৬২.৫ শতাংশ অন্যান্য ধাতু। এর বিশুদ্ধতা চিহ্ন ‘৩৭৫’। তুলনায় ১৪ ক্যারেট সোনায় থাকে ৫৮.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ এবং ২২ ক্যারেট সোনায় ৯১.৬ শতাংশ খাঁটি সোনা।
5
11
দীর্ঘদিন ধরে ভারতে শুধুমাত্র ১৪, ১৮, ২০, ২২, ২৩ ও ২৪ ক্যারেট সোনার হলমার্ক বাধ্যতামূলক ছিল। ২০২৫ সালের জুলাই মাস থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ৯ ক্যারেট সোনাকেও বাধ্যতামূলক হলমার্কিংয়ের আওতায় এনেছে।
6
11
এখন ৯ ক্যারেটের গয়নাও সরকারি প্রত্যয়নের ছাপ নিয়েই বাজারে আসবে— ক্রেতার সঙ্গে প্রতারণার সুযোগ অনেকটাই কমে যাবে।
7
11
কেন এই সিদ্ধান্ত? দেশে সোনার বিক্রি (ভলিউমে) ৬০ শতাংশ কমে গিয়েছিল— কোভিড-পরবর্তী সময়ের পর সবচেয়ে বড় পতন। চড়া দামের কারণে সাধারণ ক্রেতা বাজার থেকে মুখ ফেরাচ্ছিলেন। এই পরিস্থিতিতে কম দামে, অথচ সরকার-প্রত্যয়িত গয়নার বিকল্প খুলে দিতেই এই উদ্যোগ।
8
11
সোনার গয়না শুধু অলংকার নয়, এ এক সংস্কৃতি এবং এই সময় বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সোনা। তাই ৯ ক্যারেট গয়না কেনার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন৷
9
11
গয়নাটি কি দৈনন্দিন ব্যবহারের জন্য, নাকি বিশেষ অনুষ্ঠানের? ভবিষ্যতে বিক্রি বা বন্ধক রাখার পরিকল্পনা আছে কি? বাজেট কতখানি? এই উত্তরগুলো পরিষ্কার থাকলে ৯, ১৪, ১৮ না ২২— কোন ক্যারেট আপনার জন্য আদর্শ, তা স্থির করা সহজ হবে।
10
11
৯ ক্যারেট সোনা মানে নকল সোনা নয়— এটি অবশ্যই খাঁটি সোনা, শুধু পরিমাণে কম। সরকারি হলমার্কিংয়ের আওতায় আসায় এর বিশ্বাসযোগ্যতাও আগের চেয়ে অনেক বেড়েছে।
11
11
যাঁরা ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং সাধ্যের মধ্যে গয়না খুঁজছেন— তাঁদের জন্য ৯ ক্যারেট নিঃসন্দেহে ভাল বিকল্প। তবে দোকানে যাওয়ার আগে দাম দেখে নিন। হলমার্কের চিহ্নগুলো দেখে কিনবেন৷ সোনা যেমনই হোক— ৯ হোক কিংবা ২২— ক্রেতার সচেতনতাই আসল সোনালি ঢাল।