আইপিএল ২০২৬-এর এলিমিনেটর ম্যাচে আবারও ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ১৫ বছরের এই কিশোর। তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই রাজস্থান রয়্যালস প্রথম ইনিংসে তোলে বিশাল ২৪৩ রান।
2
8
বৈভবের ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৩৪। তরুণ এই ব্যাটারের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ায় শচীন লেখেন, ''বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং অসাধারণ। বিশেষ করে লেগ সাইডে বল এলে যেভাবে সামনে পা সরিয়ে জায়গা তৈরি করে শট খেলছে, তা সত্যিই দুর্দান্ত। এই স্বাধীনতাই ওকে নিজের স্বাভাবিক খেলা খেলতে সাহায্য করছে। ইনিংসটা ছিল এক কথায় অসাধারণ।''
3
8
এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। তাঁর ১২টি ছক্কার সৌজন্যে চলতি মরশুমে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৬১। এর ফলে তিনি ভেঙে দেন ক্রিস গেইলের ২০১২ সালের ৫৯ ছক্কার রেকর্ড। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের এক মরশুমে ৬০০-র বেশি রান করা প্রথম এবং একমাত্র কিশোর ক্রিকেটারও হয়ে গেলেন তিনি।
4
8
এছাড়াও, এক মরশুমে সর্বাধিক রান করা আনক্যাপড ক্রিকেটারের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন বৈভব। তাঁর ঝুলিতে এখন ৬৮০ রান, যা ২০২৩ সালে যশস্বী জয়সওয়ালের ৬২৬ রানের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। বর্তমানে অরেঞ্জ ক্যাপও রয়েছে তাঁর দখলে।
5
8
বৈভবের এই বিধ্বংসী ইনিংসের জোরে রাজস্থান রয়্যালস ৪৭ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদকে এবং পৌঁছে যায় কোয়ালিফায়ার-২-এ। আগামী ২৯ মে একই মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রিয়ান পরাগের দল।
6
8
অন্যদিকে, ম্যাচের আগে ফেভারিট ধরা হচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদকেই। ২০২৩ সালের পর থেকে রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে হারেনি তারা। তবে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে পুরো ম্যাচের চিত্রটাই বদলে যায়।
7
8
ম্যাচ শেষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সানরাইজার্সের কর্ণধার কাব্য মারানকে দেখা যাচ্ছে তিনি বৈভবকে অভিনন্দন জানাচ্ছেন।
8
8
ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে বৈভব সূর্যবংশীর দিকেই। মাত্র ১৫ বছর বয়সে তাঁর এই পারফরম্যান্স ভবিষ্যতের এক বড় তারকার আগমনেরই ইঙ্গিত দিচ্ছে।