হানিট্র্যাপের ফাঁদে পড়ে দেশের সামরিক গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচরের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে।
2
13
অভিযোগ, নগ্ন ছবি পাঠিয়ে ওই আধিকারিককে ফাঁদে ফেলেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তি। আর তার বিনিময়ে একের পর এক গোপন সামরিক নথি পাচার করেছিলেন ওই বায়ুসেনা আধিকারিক। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দিল্লি পুলিশ।
3
13
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
4
13
দিল্লি পুলিশের অভিযোগ, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ওই কমান্ডার। সেই সময়েই একাধিক গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার করা হয়।
5
13
চার্জশিটে দাবি করা হয়েছে, পাকিস্তানি চর উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন। জবাবে বায়ুসেনার গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পাতা পাঠান অভিযুক্ত।
6
13
চার্জশিটে পুলিশ আরও অভিযোগ করেছে যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার নথির একটি করে পাতা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
7
13
তদন্তকারীদের দাবি, শুধু যুদ্ধ পরিকল্পনার নথিই নয়, ভারতীয় বায়ুসেনার একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলেন অভিযুক্ত।
8
13
ওই ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, কাজের পদ্ধতি, ড্রোনের পরীক্ষামূলক উড়ান, উড়ানের স্থায়িত্ব এবং অস্ত্র নিশানা করার প্রযুক্তি সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে। যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সেই তথ্যও পাকিস্তানি অপারেটিভের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের।
9
13
পাশাপাশি লেহ-তে যুদ্ধবিমানের মোতায়েন এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত একটি সামরিক মহড়া সম্পর্কেও তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।
10
13
পুলিশের দাবি, পাকিস্তানি ওই চর অভিযুক্তকে কয়েকটি অ্যাপ ও লিঙ্ক পাঠিয়েছিলেন, যার মধ্যে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছিল। অভিযোগ, নিজের অধীনে কর্মরত পাঁচ আধিকারিকের মোবাইল ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রে সেই ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতেও সাহায্য করেছিলেন উইং কমান্ডার।
11
13
তদন্তকারীদের সন্দেহ, এর মাধ্যমে ওই পাঁচ আধিকারিকের ফোনে থাকা গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল।
12
13
চার্জশিটে ডিজিটাল কমিউনিকেশনের একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে দিল্লি পুলিশ। তদন্তে অভিযুক্তের হোয়াটসঅ্যাপ থেকে ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল-এর তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে।
13
13
এই তথ্যপ্রমাণের ভিত্তিতে আরও কতটা সামরিক গোপন তথ্য পাচার হয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।