বিদেশ থেকে ভারতে আসতে চান? পর্যটন, চিকিৎসা, পড়াশোনা কিংবা ব্যবসার কাজে ভারতে আসার পরিকল্পনা করছেন বিদেশি নাগরিকরা? তাঁদের জন্য ভিসা ব্যবস্থায় বদল আনল কেন্দ্র। নতুন নিয়মে ভিসার বিভাগ কমানোর পাশাপাশি আবেদন প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে। ট্যুরিস্ট ভিসার নাম বদলে করা হয়েছে ‘ভিজিটর ভিসা’। নতুন এই ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি আরও বেশ কিছু স্বল্পমেয়াদি কাজ করা যাবে।
2
11
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন কাঠামোয় ভারতের মূল ভিসা বিভাগ ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে সাব-ক্যাটেগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। শুধু তাই নয়, ২৩টি সাব-ক্যাটেগরির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে বিদেশি নাগরিকদের ভিসার আবেদন করার সময় আগের তুলনায় অনেক কম তথ্য দিতে হবে।
3
11
নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ভিজিটর ভিসা। শুধু ঘুরতে আসা নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ওয়েলনেস রিট্রিট, ভারতীয় ভাষা, গান, শিল্প ও কারুশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগা কোর্সের জন্যও এই ভিসা ব্যবহার করা যাবে।
4
11
ভিজিটর ভিসাকে আবার দু’টি ভাগে ভাগ করা হয়েছে, ভি-১ এবং ভি-২। ভি-১ ভিসা দেওয়া হবে ৩০ দিনের জন্য। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। দীর্ঘমেয়াদি সফরের জন্য ভি-২ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ হতে পারে ১, ৫ অথবা ১০ বছর। ভি-২ ভিসায় পর্বতারোহণের সুযোগও হয়েছে। এ ছাড়া পর্বতারোহণের জন্য আলাদা ছ’মাসের মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থাও রয়েছে।
5
11
বিদেশি রোগীদের জন্য মেডিক্যাল ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য থাকবে এম-১ ভিসা। আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য চালু হচ্ছে এম-৩ ভিসা। দু’টি ভিসাই সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
6
11
রোগীর সঙ্গে আসা ব্যক্তিদের জন্যও পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গী পাবেন এম-২ ভিসা। একইভাবে এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গে থাকা ব্যক্তির জন্য থাকবে এম-৪ ভিসা। ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসা, বারবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা ফলো-আপের জন্য বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। কেন্দ্রের ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গেও এই পরিবর্তনকে যুক্ত করা হয়েছে।
7
11
বিদেশি পড়ুয়াদের ভিসাও দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা থাকবে। অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত পড়ুয়া, ভিজিটিং ফ্যাকাল্টি, ইন্টার্নশিপ এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য।
8
11
স্টাডি ইন ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা ই-এস১ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হবে। এই ভিসাতেও একাধিকবার ভারতে প্রবেশের সুবিধা থাকবে।
9
11
ব্যবসায়িক ভিসাকে বি-১ এবং বি-২, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি ব্যবসা বা শিল্প সংস্থা গড়ে তোলার মতো কাজের জন্য বি-১ ভিসা দেওয়া হবে। স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, উৎপাদন ও বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা, সম্মেলন, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিনেমার শুটিংয়ের জন্য বি-২ ভিসার ব্যবস্থা করা হয়েছে।
10
11
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা ব্যবহারের সুযোগ পান। নতুন ভিসা কাঠামো কার্যকর করতে কেন্দ্রীয় সরকার নিজেদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাও আপডেট করছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, ২০২৬ সালের শেষের মধ্যে নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।
11
11
নতুন ব্যবস্থায় মোট ন’টি মূল ভিসা বিভাগ থাকছে যেমন, বিজনেস, ডিপ্লোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিক্যাল, অফিসিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসলেনিয়াস। কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বিদেশিদের জন্য ভারতে আসার ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।