বিশ্বজুড়ে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটে ভারত সরকারও বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনা খতিয়ে দেখছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে নজির গড়ার পর একাধিক দেশ একই পথে হাঁটার উদ্যোগ নিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে পারে ভারতও।
2
8
কেন্দ্র সরকার ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। এ জন্য ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এক শীর্ষ আইটি মন্ত্রক আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে, সব ধরনের অ্যাকাউন্ট শিশুদের জন্য উন্মুক্ত থাকা উচিত কি না, তা নিয়ে সতর্কভাবে ভাবতে হবে। তবে অস্ট্রেলিয়ার মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বদলে আংশিক বা নিয়ন্ত্রিত প্রবেশাধিকারের দিকেই ঝুঁকতে পারে ভারত।
3
8
এই প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বয়সভিত্তিক নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ১৭ ফেব্রুয়ারির এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বহু দেশই বয়সভিত্তিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা স্বীকার করেছে। ডিপিডিপি আইনেও এবিষয়ে উল্লেখ রয়েছে। পাশাপাশি ডিপফেক এবং অনলাইন ক্ষতিকর কনটেন্ট রুখতেও সরকার শিল্পমহলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলে জানান তিনি। তাঁর কথায়, “শিশু ও সমাজকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।”
4
8
সরকারের অর্থনৈতিক সমীক্ষাতেও কমবয়সিদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কার কথা বলা হয়েছে। সেখানে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে বয়স যাচাই প্রক্রিয়া কড়া করা এবং বয়স উপযোগী ডিফল্ট সেটিং চালুর সুপারিশ করা হয়েছে। বিশেষত সোশ্যাল মিডিয়া, জুয়া সংক্রান্ত অ্যাপ, অটো-প্লে ফিচার এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের ক্ষেত্রে কঠোরতা বাড়ানোর কথা বলা হয়েছে।
5
8
বর্তমানে ভারতে নির্দিষ্ট কোনও আইন নেই যা একটি নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে। তবে ডিপিডিপি আইনের অধীনে ১৮ বছরের কম বয়সিদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আগে প্ল্যাটফর্মগুলিকে যাচাইযোগ্য অভিভাবকীয় সম্মতি নিতে হয়।
6
8
উল্লেখ্য অস্ট্রেলিয়া সম্প্রতি ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন কার্যকর করেছে, যা ১০ ডিসেম্বর ২০২৫ থেকে বলবৎ হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে TikTok, Instagram, Facebook, X, Snapchat, Reddit, YouTube-সহ একাধিক প্ল্যাটফর্ম। যদিও কিছু শিক্ষামূলক ও মেসেজিং অ্যাপ আপাতত ছাড় পেয়েছে।
7
8
অন্যদিকে, ফ্রান্সের জাতীয় পরিষদ ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিল পাস করেছে এবং তা এখন সেনেটের বিবেচনায় রয়েছে। ডেনমার্ক, নরওয়ে ও মালয়েশিয়াও একই ধরনের আইন আনার কথা ভাবছে।
8
8
সব মিলিয়ে, শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ বাড়ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে ভারতে। এখন দেখার, সরকার শেষ পর্যন্ত কেমন নীতিগত সিদ্ধান্ত নেয়।