ভারতের সাম্প্রতিক জিডিপি পরিসংখ্যান নিয়ে বিতর্কের মধ্যেই দেশের অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকীকরণে প্রশংসা করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। নতুন ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং প্রোডিউসর প্রাইস ইনডেক্স চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। তাদের মতে, এই দুই নতুন সূচক ভবিষ্যতে ভারতের জিডিপি হিসাবকে আরও নির্ভুল ও শক্তিশালী করতে সাহায্য করবে।
2
11
আইএমএফ কমিউনিকেশনস বিভাগের ডিরেক্টর জুলি কোজ্যাক জানিয়েছেন, ভারতের সর্বশেষ জিডিপি প্রকাশে নতুন আইআইপি এবং পিপিআই সিরিজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
3
11
তাঁর মতে, দেশের ম্যাক্রো-ইকোনমিক পরিসংখ্যানকে আধুনিক করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে ভারতের পরিসংখ্যান কাঠামো এবং তথ্যের গুণমান আরও উন্নত করার কাজ চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রকে উৎসাহ দিয়েছে আইএমএফ।
4
11
সাম্প্রতিক জিডিপি পরিসংখ্যানের পদ্ধতি ও তথ্যের ভিত্তি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি নিয়ে যথেষ্ট ইতিবাচক আইএমএফ। জুলি কোজ্যাক জানিয়েছেন, দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.৮ শতাংশ। এই বৃদ্ধি পূর্বাভাস এবং অন্যান্য পর্যবেক্ষকদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।
5
11
কী কারণে এই বৃদ্ধি? আইএমএফের ব্যাখ্যায়, মূলত পরিষেবা ক্ষেত্রের প্রত্যাশার তুলনায় ভাল পারফরম্যান্স এবং রফতানির বৃদ্ধিই এই অপ্রত্যাশিত ঊর্ধ্বগতির প্রধান কারণ।
6
11
একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি যে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, তাও স্পষ্ট হয়েছে বলে মনে করছে আইএমএফ।
7
11
ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার একটি বড় অংশ আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের বাণিজ্যিক ভারসাম্য, মূল্যবৃদ্ধি এবং আর্থিক অবস্থার উপর চাপ তৈরি হতে পারে।
8
11
তবে তাদের বক্তব্য, তুলনামূলকভাবে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের মধ্যেই ভারত এই ধাক্কার মুখোমুখি হয়েছে। ফলে এখনও পর্যন্ত অর্থনীতির স্থিতিস্থাপকতা বজায় রয়েছে।
9
11
তবে জ্বালানির দামের প্রভাব নিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে আইএমএফ। আগামী অক্টোবরে ভারতের নতুন অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কোজ্যাক।
10
11
জিডিপি হিসাব আরও নির্ভুল করার ক্ষেত্রে উন্নত পরিসংখ্যান ব্যবস্থার গুরুত্বও তুলে ধরেছে আইএমএফ। শিল্প উৎপাদন, মূল্য এবং বিভিন্ন ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপের মতো একাধিক সূচকের উপর জিডিপি হিসাব নির্ভর করে।
11
11
সব মিলিয়ে আইএমএফের বার্তা ভারতের জন্য ইতিবাচক। একদিকে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি, অন্যদিকে জ্বালানি-দামের ধাক্কা সামলেও স্থিতিশীলতা—দুই ক্ষেত্রেই ভারত প্রশংসা পেয়েছে। কোজ্যাকের কথায়, ভারত এখনও বিশ্ব অর্থনীতির অন্যতম ‘মূল বৃদ্ধির ইঞ্জিন’।