আজ ঘরে ঘরে পরিচিত নাম ফেভিকল। স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে আসবাবপত্র তৈরি, কিংবা বাড়ির ছোটখাটো মেরামতি—সব ক্ষেত্রেই এই আঠার ব্যবহার দেখা যায়। কিন্তু জানেন কি, কাঠের দু’টি টুকরো জোড়া লাগানোর সমস্যা থেকেই জন্ম হয়েছিল এই জনপ্রিয় ব্র্যান্ডের? দুই ভাইয়ের দূরদর্শিতা এবং দীর্ঘ লড়াইয়ের ফলেই আজ ফেভিকোল একটি পরিচিত নাম হয়ে উঠেছে।
2
11
ফেভিকলের সাফল্যের নেপথ্যে রয়েছেন গুজরাটের দুই ভাই বলবন্ত পারেখ এবং সুশীল পারেখ। বলবন্ত পারেখের জন্ম গুজরাটের ভাবনগর জেলার মহুয়ায়। মুম্বইয়ের গভর্নমেন্ট ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করলেও পেশা হিসেবে ওকালতিকে বেছে নিতে চাননি তিনি।
3
11
ব্যবসার প্রতি আগ্রহ ছিল তাঁর। প্রথমদিকে জার্মান রাসায়নিক সংস্থার সঙ্গে কাজ করে রাসায়নিক ও শিল্পজাত পণ্যের ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।
4
11
এরপর ১৯৫৪ সালে ভাই সুশীলকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের জ্যাকব সার্কেলে শুরু করেন পারেখ ইন্ডাস্ট্রি। প্রথমদিকে তাঁদের ব্যবসা ছিল মূলত বস্ত্রশিল্পকেন্দ্রিক। কাপড়ে ছাপার কাজে ব্যবহৃত পিগমেন্ট ইমালশন তৈরি করতেন তাঁরা। তবে বাজারের অন্যান্য চাহিদার দিকেও নজর ছিল দুই ভাইয়ের।
5
11
সেই সময় কাঠের আসবাব তৈরির জন্য কাঠমিস্ত্রিদের পশুজাত উপাদান দিয়ে তৈরি বিশেষ আঠা ব্যবহার করতে হত। ব্যবহারের আগে সেই আঠা গরম করতে হত। গোটা প্রক্রিয়াটি ছিল সময়সাপেক্ষ এবং বেশ ঝামেলার।
6
11
এই সমস্যার সহজ সমাধান খুঁজতেই দুই ভাই তৈরি করেন সাদা রঙের সিন্থেটিক আঠা। ১৯৫৯ সালে বাজারে আসে ফেভিকোল। এর সবচেয়ে বড় সুবিধা ছিল, ব্যবহারের আগে গরম করার প্রয়োজন হত না।
7
11
তবে নতুন পণ্য বাজারে আনলেই সাফল্য আসে না। দীর্ঘদিন ধরে প্রচলিত আঠা ব্যবহার করা কাঠমিস্ত্রিদের নতুন পণ্যের উপর ভরসা করানো ছিল বড় চ্যালেঞ্জ। তাই দুই ভাই সরাসরি কাঠমিস্ত্রিদের কাছে পৌঁছে যান।
8
11
বিনামূল্যে নমুনা দিয়ে আঠার কার্যকারিতা দেখান। এমনকী হাতুড়ি দিয়ে আঘাত করে জোড়ের মজবুতি প্রমাণ করার পরীক্ষাও করা হয়। প্রায় এক দশকের চেষ্টায় ধীরে ধীরে বাজারে জায়গা করে নেয় ফেভিকল।
9
11
১৯৭০ সালে মাত্র ৩০ গ্রামের ছোট টিউব বাজারে আনে সংস্থা। ফলে শুধু কাঠমিস্ত্রি নয়, সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায় ফেভিকল। স্কুল, বাড়ি এবং অফিসে বাড়তে থাকে এর ব্যবহার।
10
11
এর পাশাপাশি বিজ্ঞাপনও ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ায়। দুটি হাতির লোগো ফেভিকলের মজবুতির প্রতীক হয়ে ওঠে। পরে পীযূষ পাণ্ডের সৃজনশীল বিজ্ঞাপন ব্র্যান্ডটিকে আরও জনপ্রিয় করে। ২০০২ সালে ফেভিকলের বিখ্যাত বাস বিজ্ঞাপন কান চলচ্চিত্র বিজ্ঞাপন উৎসবে সিলভার লায়ন পুরস্কার পায়।
11
11
ফেভিকলের সাফল্যের পথ ধরেই পিডিলাইট বাজারে আনে ফেভিকুইক, এম-সিল এবং ডক্টর ফিক্সিটের মতো ব্র্যান্ড। সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে পিডিলাইটের নেট সেলস প্রায় ১৩,০৯৩ কোটি টাকা। ৬৭টি উৎপাদন কেন্দ্র এবং ২৫টিরও বেশি প্রধান ব্র্যান্ড নিয়ে আজ দেশের অন্যতম বড় ব্যবসায়িক সংস্থা পিডিলাইট।