সৌন্দর্যের কথা উঠলেই চোখের প্রসঙ্গ চলে আসে। আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ। এই চোখের মাধ্যমেই আমরা চারপাশের পৃথিবীকে দেখতে পাই।
2
10
শুধু তাই নয়, মানুষের অভিব্যক্তি, আবেগ এবং কথার আড়ালে লুকিয়ে থাকা অনেক অর্থও বুঝতে সাহায্য করে চোখ। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, চোখ বন্ধ করলেও কেন নানা রঙের আলো, ঝলকানি কিংবা অদ্ভুত আকৃতি দেখতে পাওয়া যায়?
3
10
কখনও লাল, নীল, হলুদ বা বেগুনি রঙের দাগ, আবার কখনও ছোট ছোট আলোর বিন্দু চোখের সামনে ভেসে ওঠে। এর পিছনে রয়েছে আমাদের চোখ ও মস্তিষ্কের এক আশ্চর্য ব্যবস্থা।
4
10
সাধারণভাবে আমরা মনে করি, চোখ বন্ধ করলেই বাইরের আলো প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু বাস্তবে তা নয়। চোখের পাতা কিছুটা ফিল্টারের মতো কাজ করে। ফলে অল্প পরিমাণ আলো, বিশেষ করে লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো, চোখের ভিতরে পৌঁছতে পারে।
5
10
২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় একটি প্রযুক্তির সাহায্যে দেখা গিয়েছে, চোখ বন্ধ থাকলেও মস্তিষ্কের ভিজ্যুয়াল সিস্টেম আলোর পরিবর্তন অনুভব করতে পারে। অর্থাৎ চোখ বন্ধ হলেই দেখার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় না।
6
10
চোখের সামনে কোনও আলোর উৎস না থাকলেও যে ঝলমলে আলো, রঙিন বিন্দু বা জ্যামিতিক নকশা দেখা যায়, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় ‘ফসফিন’। ক্লিভল্যান্ড ক্লিনিকের ব্যাখ্যা অনুযায়ী, এটি এক ধরনের ভিজ্যুয়াল অনুভূতি, যেখানে বাস্তবে আলো না থাকলেও আলো দেখার অভিজ্ঞতা হয়।
7
10
এর পিছনে রয়েছে রেটিনা ও মস্তিষ্কের কার্যকলাপ। চোখের পিছনে থাকা রেটিনার ফটোরিসেপ্টর কোষ আলোকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে। সেই সংকেত অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়। তবে বাইরের আলো ছাড়াও রেটিনা ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ থেকে এমন সংকেত তৈরি হতে পারে।
8
10
চোখ বন্ধ করে পাতার উপর হালকা চাপ দিলে অনেক সময় রঙিন বৃত্ত বা আলোর ঝলকানি দেখা যায়। কারণ, চাপের ফলে রেটিনার কোষ যান্ত্রিকভাবে উদ্দীপিত হতে পারে। তখন মস্তিষ্ক সেই সংকেতকে আলোর অনুভূতি হিসেবে ব্যাখ্যা করে। মাথায় আঘাত লাগলেও কখনও চোখের সামনে তারা দেখতে পাওয়ার ঘটনা ঘটে।
9
10
চোখ বন্ধ থাকলেও মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্স সক্রিয় থাকে। ২০১৭ সালের প্রকাশিত গবেষণাতেও চোখ বন্ধ অবস্থায় ভিজ্যুয়াল সিস্টেমের কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ বাইরের দৃশ্য না থাকলেও মস্তিষ্কের নিজস্ব স্নায়বিক কার্যকলাপ থেকে আলো ও নানা আকৃতির অনুভূতি তৈরি হতে পারে।
10
10
তাই চোখ বন্ধ করলেই যে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে, তা নয়। অনেক সময় চোখের সামনে ভেসে ওঠা রঙিন আলোর খেলার পিছনে কাজ করে আমাদের চোখ ও মস্তিষ্কের জটিল বিজ্ঞান। তবে হঠাৎ নতুন করে আলোর ঝলকানি, অসংখ্য ভাসমান দাগ বা পর্দার মতো ছায়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।