আর্জেন্টিনা থেকে ছেড়ে আসা নেদারল্যান্ডসের বিলাসবহুল প্রমোদতরী 'এমভি হন্ডিউস' এখন মাঝ-সমুদ্রে এক গভীর আতঙ্কের নাম। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন যাত্রীর মরদেহ এখনও জাহাজে রয়েছে। বর্তমানে প্রায় ১৫০ জন যাত্রী নিজেদের কেবিনে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করেছে যে এটি কোভিডের মতো বড় কোনো মহামারি নয়, তবুও ভাইরাসের প্রাণঘাতী রূপ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক ও গবেষকদের।
2
5
তদন্তকারীদের ধারণা, সংক্রমণের সূত্রপাত হয়েছিল আর্জেন্টিনার উশুয়াইয়াতে একটি আবর্জনার স্তূপের পাশে পাখি দেখার সময়। সেখান থেকেই এক ডাচ দম্পতি ইঁদুরের বিষ্ঠা বা লালার মাধ্যমে সংক্রমিত হন এবং পরে জাহাজে ওঠার পর অসুস্থ হয়ে পড়েন। দুর্ভাগ্যবশত ওই দম্পতি দুজনেই মারা গেছেন।
3
5
চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাসটি আসলে 'আন্দিজ' প্রজাতির, যা অত্যন্ত বিরল ক্ষেত্রে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষের শরীরেও ছড়াতে পারে। বুধবারই তিনজন গুরুতর অসুস্থ রোগীকে বিশেষ বিমানে করে নেদারল্যান্ডসে নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
4
5
হান্টাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো অনেকটা সাধারণ জ্বরের মতো হলেও এটি দ্রুত ফুসফুসের কার্যক্ষমতা কেড়ে নিতে পারে। সংক্রমণের এক থেকে ছয় সপ্তাহের মধ্যে ফুসফুসে জল জমা এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়, যার ফলে মৃত্যুর হার ৩৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে জাহাজে থাকা অন্য যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত নতুন কোনও লক্ষণ দেখা যায়নি। প্রমোদতরীর ভেতরে থাকা যাত্রীরা জানিয়েছেন যে তারা কেবিনে বন্দি থাকলেও মনোবল হারাননি; সিনেমা দেখে বা বই পড়ে সময় কাটাচ্ছেন।
5
5
বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। সেখান থেকেই যাত্রীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের ভয়ের কোনও কারণ নেই। বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ইঁদুরের উপদ্রব বাড়ছে, যার ফলে হান্টাভাইরাসের মতো রোগগুলো বারবার ফিরে আসছে। আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলো এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।