চলন্ত ট্রেনে তরুণীকে শ্লীলতাহানি। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক শোরগোল। দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিল নাগদা স্টেশন চত্বর। জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
2
6
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে এক আত্মীয়ের অস্থি বিসর্জন দিতে সপরিবারে উজ্জয়িনী যাচ্ছিলেন অভিযোগকারীরা। অভিযোগ, রাতলাম স্টেশন থেকে চার যুবক ওই কামরায় ওঠে।
3
6
জানা গিয়েছে, তারা ট্রেনের ভিতরেই ধূমপান করছিল৷ এমনকী তরুণীর মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে এক তাকে উত্যক্ত করছিল। এই অশালীন ব্যবহারের প্রতিবাদ করতেই অভিযুক্তরা তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
4
6
এর পরেই কামরার ভিতরে বচসা ও হাতাহাতি শুরু হয়। যাত্রীরা ওই যুবকদের কয়েকজনকে ধরে গণপিটুনি দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ, পরে খাচরোদ স্টেশন থেকে আরও জনা ষাটেক যুবক দলবল নিয়ে ট্রেনে চড়াও হয়। তরুণীর পরিবারের দাবি, মহিলা ও শিশুদেরও বেল্ট দিয়ে বেধড়ক মারা হয়েছে।
5
6
এই খবর ছড়িয়ে পড়তেই নাগদা স্টেশনের বাইরে দুই পক্ষ জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজনা চরমে পৌঁছলে আশপাশের সাতটি থানার পুলিশ এসে লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টার পর রাত সাড়ে ১১টা নাগাদ পরিস্থিতি আয়ত্তে আসে।
6
6
উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা জানিয়েছেন, বর্তমানে সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল চলছে। বিষয়টিকে সাম্প্রদায়িক রং না দেওয়ার জন্য প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছে।