অনলাইন কেনাকাটার যুগে খাবার সামগ্রী কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের ভরসা এখন ই-কমার্স ও কুইক-কমার্স প্ল্যাটফর্মগুলো। তবে এবার বিভ্রান্তিকর দাবি এবং নিষিদ্ধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট, বিগবাস্কেট, ফ্লিপকার্ট ইন্ডিয়া ও জেপ্টোর মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু করল খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (FSSAI)।
2
6
নিয়ামক সংস্থার অভিযোগ, বেশ কিছু খাদ্যপণ্যের গুণমান ও কার্যকারিতা নিয়ে ক্রেতাদের ভুল তথ্য দেওয়া হচ্ছিল। তদন্তে উঠে এসেছে, 'হ্যাপিলো প্রিমিয়াম ডেট বাইটস – জোস্টি অরেঞ্জ' নামের একটি পণ্যের ক্ষেত্রে বিভ্রান্তিকর দাবি প্রচারের অভিযোগে এই পাঁচটি সংস্থার বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে এফএসএসএআই।
3
6
পাশাপাশি সুইগি ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের বিরুদ্ধে মিল্কি মিস্ট ব্র্যান্ডের বেশ কয়েকটি ডেয়ারি পণ্যের তথ্যে গরমিল ও নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে মিল্কি মিস্টের লো-ফ্যাট ক্রিম, ফার্ম ফ্রেশ দই এবং গ্রিক ইয়োগার্ট।
4
6
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, নিরাপত্তা নির্দেশিকা ও ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অমান্য করে অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট এবং বিগবাস্কেটে বিষাক্ত 'ধুতুরা ফল ও বীজ' বিক্রি ও প্রদর্শন করা হচ্ছিল বলে জানিয়েছে নিয়ামক সংস্থা।
5
6
সাধারণ ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করতে গত কয়েক মাস ধরেই খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ওপর নজরদারি ও আইনি ব্যবস্থা জোরদার করেছে এফএসএসএআই। তবে সংস্থাটির পক্ষ থেকে এই পদক্ষেপের কথা প্রকাশ্যে আনার পর অভিযুক্ত প্ল্যাটফর্মগুলির সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
6
6
অনলাইনে খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার পাশাপাশি সংস্থাগুলি যাতে সঠিক নিয়ম মেনে ব্যবসা চালায়, তা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিল কর্তৃপক্ষ।