ডিমের দাম গত এক বছরে প্রায় ৩৫-৪০ শতাংশ বেড়েছে। এখন আশঙ্কা, শীতের মরসুমে চাহিদা বাড়লে দাম আরও চড়তে পারে। এর পিছনে শুধু বাজারের চাহিদা নয়, জড়িয়ে রয়েছে জ্বালানির জন্য ইথানল উৎপাদনও।
2
8
গল্পের মূল চরিত্রে রয়েছে ভুট্টা। মুরগির খাবার তৈরিতে ভুট্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ভুট্টার বড় অংশ এখন ইথানল তৈরিতে ব্যবহার হচ্ছে। ফলে পোলট্রি শিল্পের জন্য ভুট্টার জোগানে খামতি দেখা দিচ্ছে এবং বাড়ছে খাবারের খরচ।
3
8
শিল্পমহলের দাবি, ভারতে বছরে প্রায় ৪.৩৪ কোটি টন ভুট্টা উৎপাদন হয়। এর মধ্যে প্রায় ১.৭ কোটি টন বর্তমানে ইথানল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ মোট উৎপাদনের প্রায় ৩৭ শতাংশ ইথানল কারখানায় যাচ্ছে।
4
8
ভুট্টার দামেও বড়সড় পরিবর্তন এসেছে। প্রায় তিন বছর আগে প্রতি টন ভুট্টার দাম ছিল প্রায় ১৪ হাজার টাকা। এখন তা বেড়ে প্রায় ২৬,৫০০ টাকায় দাঁড়িয়েছে। গত পাঁচ মাসেই দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।
5
8
পোলট্রি শিল্পে ভুট্টা অন্যতম প্রধান খরচ। শিল্পমহলের হিসাব অনুযায়ী, পোলট্রি উৎপাদনের মোট খরচের প্রায় ৬৫-৭০ শতাংশ পর্যন্ত খাবারের জন্য খরচ হয়। ফলে ভুট্টার দাম বাড়লে মুরগির খাবারের খরচও বাড়ে। সেই চাপ শেষ পর্যন্ত ডিম ও মুরগির দামে পড়তে পারে।
6
8
শীতকালে ভারতে সাধারণত ডিমের চাহিদা বাড়ে। অন্যদিকে, ইথানল উৎপাদনের জন্য ভুট্টার চাহিদাও বাড়ছে। অর্থাৎ একই সময়ে চাহিদা বাড়ছে ডিমের, আবার ভুট্টার জোগান নিয়ে তৈরি হচ্ছে চাপ। এই পরিস্থিতিতে ডিমের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন পোলট্রি শিল্পের একাংশ।
7
8
তবে ডিমের দাম বাড়ার একমাত্র কারণ ইথানল নয়। গরমে মুরগির উপর চাপ, মৃত্যুহার, আবহাওয়ার পরিবর্তন, সয়াবিনসহ অন্যান্য খাদ্য উপাদানের দাম এবং আমদানি পরিস্থিতিও গুরুত্বপূর্ণ।
8
8
তাই শীতে ডিমের দাম ঠিক কতটা বাড়বে, তা এখনও নিশ্চিত নয়। তবে ইথানলের জন্য ভুট্টার বাড়তি চাহিদা পোলট্রি শিল্পের জন্য নতুন চাপ তৈরি করেছে, এ নিয়ে উদ্বেগ বাড়ছে।