অনুরাগীদের উন্মাদনার কাছে হার মানতে হল অজয় দেবগণকে। ২ এপ্রিল নিজের ৫৭তম জন্মদিনে এক অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হলেন ‘সিংহম’ তারকা।
2
8
মুম্বইয়ের জুহুতে নিজের বাংলোর বাইরে অনুরাগীদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে মাঝপথেই শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে বাড়ির ভেতরে ফিরে যেতে বাধ্য হলেন তিনি।
3
8
প্রতি বছরের মতো এবারও প্রিয় নায়কের জন্মদিন উদযাপনে সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগী।
4
8
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের দিকে অজয় যখন সাদা ক্যাজুয়াল পোশাকে বাংলোর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
5
8
প্রিয় তারকাকে এক পলক দেখা এবং ক্যামেরাবন্দি করার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
6
8
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অজয় অত্যন্ত নম্রভাবে অনুরাগীদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একদল অতি-উৎসাহী ভক্ত নিরাপত্তা বলয় ভেঙে তার একদম কাছে চলে আসার চেষ্টা করেন।
7
8
নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও ভিড়ের চাপে অজয় কার্যত পিষ্ট হওয়ার উপক্রম হন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরেই তাঁকে তড়িঘড়ি বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হয়। ভক্তদের জন্য কেক কাটার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার অভাবে তা বাতিল করতে হয়।
8
8
প্রসঙ্গত, অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বহু তারকা। সবার মধ্যে নজর কেড়েছেন স্ত্রী কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা। আগামীতে অজয়ের হাতে রয়েছে একগুচ্ছ কাজ। 'ধামাল ৪,'দৃশ্যম ৪','রেঞ্জার' ও 'গোলমাল ৫'-এ দেখা যেতে চলেছে তাঁকে।