অষ্টম বেতন কমিশন নিয়ে আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। নতুন বেতন কাঠামো কার্যকর হলে একদিকে যেমন বাড়তে পারে কর্মীদের বেতন, তেমনই সংশোধিত হতে পারে অবসরপ্রাপ্তদের পেনশন।
2
11
কিন্তু যাঁরা আগামী কয়েক মাস বা বছরের মধ্যে অবসর নিতে চলেছেন, তাঁদের মনে বড় প্রশ্ন, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই অবসর নিলে কি বর্ধিত বেতন ও এরিয়ারের সুবিধা পাওয়া যাবে? অবসরের পর কি বাড়বে মাসিক পেনশন?
3
11
কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে। ২৮ অক্টোবর মন্ত্রিসভা কমিশনের টার্মস অফ রেফারেন্স অনুমোদন করে।
4
11
এরপর ৩ নভেম্বর ২০২৫ আনুষ্ঠানিকভাবে কমিশন গঠিত হয়। কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
5
11
আগের বেতন কমিশনগুলির ধারা অনুসারে ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে কেন্দ্রীয় সরকার এখনও এই তারিখে বাস্তবায়নের কোনও চূড়ান্ত ঘোষণা করেনি।
6
11
ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৭ সালে অবসর গ্রহণ করলেন। পরবর্তী সময়ে সরকার যদি ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে, তা হলে তিনি ওই তারিখ থেকে অবসরের দিন পর্যন্ত বর্ধিত বেতনের পার্থক্য বা এরিয়ার পাওয়ার যোগ্য হতে পারেন।
7
11
কারণ, কমিশন কার্যকর হওয়ার দিন নয়, বরং সরকার কোন তারিখ থেকে নতুন বেতন কাঠামো চালু করছে, সেটিই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে এই সুবিধা নির্ভর করবে কেন্দ্রের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশিকার উপর।
8
11
নতুন বেতন কমিশনের আওতায় সাধারণত পেনশন সংশোধনের বিষয়টিও বিবেচনা করা হয়। ফলে ইতিমধ্যে অবসর নেওয়া কর্মীরাও সংশোধিত পেনশনের সুবিধা পেতে পারেন। সরকার যদি পুরনো পেনশনভোগীদের নতুন কাঠামোর আওতায় আনে, তা হলে তাঁদের মাসিক পেনশন বাড়তে পারে।
9
11
এক্ষেত্রে বর্ধিত বেতনের বদলে প্রযোজ্য হবে সংশোধিত পেনশন। নতুন পেনশন কোনও পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হলে পুরনো ও সংশোধিত পেনশনের পার্থক্য হিসেবে এরিয়ারও মিলতে পারে।
10
11
কর্মরত কর্মীদের ক্ষেত্রে পুরনো ও সংশোধিত বেতনের পার্থক্য হিসাব করা হবে। অন্যদিকে, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পুরনো ও নতুন পেনশনের পার্থক্য ধরে বকেয়া নির্ধারণ করা হতে পারে। ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রেও সরকারের নিয়ম প্রযোজ্য হবে।
11
11
তাই যাঁরা শীঘ্রই অবসর নিতে চলেছেন, তাঁদের এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে চূড়ান্ত সুবিধা নির্ভর করবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্তের উপর।