ডাকঘরে সঞ্চয় প্রকল্পে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। দেশের সমস্ত ডাকঘর সঞ্চয় অ্যাকাউন্টের গ্রাহকদের তথ্য যাচাই এবং মোবাইল নম্বর সংযুক্ত করার উপর বিশেষ জোর দিচ্ছে ডাক বিভাগ।
2
14
ইতিমধ্যেই দেশের সমস্ত আর্থিক সার্কলকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, যে সমস্ত গ্রাহকের কাস্টমার ইনফরমেশন ফাইল বা গ্রাহক তথ্যভাণ্ডারে এখনও ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি, সেগুলি চিহ্নিত করে দ্রুত প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি, যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই, সেগুলিতেও মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে।
3
14
কিন্তু হঠাৎ কেন এই তৎপরতা? ডাক বিভাগের পরিসংখ্যানই পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে মোট CIF-এর সংখ্যা প্রায় ২২.৯৪ কোটি।
4
14
অথচ এর মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে মাত্র ২০.২৯ লক্ষ ফাইলে। অর্থাৎ মোট CIF-এর মাত্র ০.৮৮ শতাংশে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।
5
14
সহজ কথায়, প্রতি ১০০টি CIF-এর মধ্যে একটিরও ই-কেওয়াইসি এখনও সম্পূর্ণ হয়নি। ফলে বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে।
6
14
মোবাইল নম্বর সংযুক্ত করার ক্ষেত্রেও ছবিটা পুরোপুরি সন্তোষজনক নয়। দেশে মোট ২২.৯৪ কোটি CIF-এর মধ্যে প্রায় ১৫.০৪ কোটিতে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে। অর্থাৎ এখনও বহু গ্রাহকের অ্যাকাউন্টে মোবাইল নম্বর যুক্ত করা বাকি।
7
14
পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ডাক বিভাগের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট CIF-এর সংখ্যা প্রায় ১.৬৯ কোটি। এর মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে মাত্র ৩৬ হাজার ফাইলে।
8
14
অর্থাৎ দেশের সামগ্রিক গড়ের তুলনায় বাংলার অগ্রগতি অনেকটাই পিছিয়ে। তবে মোবাইল নম্বর সংযুক্তির ক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে ভাল। ১.৬৯ কোটি CIF-এর মধ্যে প্রায় ১.৩১ কোটিতে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে।
9
14
ডাক বিভাগের মতে, ই-কেওয়াইসি এবং মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতারণা, ভুল লেনদেন কিংবা সন্দেহজনক আর্থিক কার্যকলাপ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
10
14
এছাড়া মোবাইল নম্বর না থাকলে গ্রাহকরা লেনদেনের এসএমএস, ওটিপি এবং অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো পান না। সেই কারণেই গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ।
11
14
তবে বাস্তবে কাজটি সহজ নয় বলে মনে করছেন ডাকঘরের কর্মীদের একাংশ। বহু পুরনো অ্যাকাউন্টে আধার, ঠিকানা এবং মোবাইল নম্বরের তথ্য আপডেট করা নেই।
12
14
আবার অনেক গ্রাহক প্রবীণ নাগরিক কিংবা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তাঁদের পক্ষে ডাকঘরে এসে কেওয়াইসি সম্পূর্ণ করাও কঠিন। কারও আবার মোবাইল নম্বর বদলে গেলেও ডাকঘরে নতুন নম্বর জানানোর সুযোগ হয়নি।
13
14
সব মিলিয়ে ডাক বিভাগের লক্ষ্য এখন প্রতিটি গ্রাহকের তথ্য হালনাগাদ করা। নির্দেশ অনুযায়ী, সমস্ত CIF-এ ১০০ শতাংশ ই-কেওয়াইসি এবং মোবাইল নম্বর সংযুক্তির কাজ সম্পূর্ণ করতে হবে।
14
14
ফলে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্টের কেওয়াইসি এবং মোবাইল নম্বরের তথ্য ঠিক রয়েছে কি না, তা দ্রুত যাচাই করে নেওয়া জরুরি।