বলিপাড়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় 'টক অব দ্য টাউন' অভিনেতা রণবীর সিং এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর মধ্যে তুমুল সংঘাত। ফারহান আখতারের বিগ বাজেট ফ্র্যাঞ্চাইজি 'ডন ৩' থেকে রণবীরের হঠাৎ সরে দাঁড়ানো এবং তার জেরে ফেডারেশনের 'অসহযোগিতা নির্দেশিকা' জারি করা নিয়ে বি-টাউন এখন রীতিমতো উত্তপ্ত।
প্রযোজক সংস্থা 'এক্সেল এন্টারটেইনমেন্ট'-এর আর্থিক ক্ষতির অভিযোগের পর ফেডারেশন দফায় দফায় রণবীরকে শুনানির জন্য ডাকলেও তিনি বৈঠকে বসতে সাফ মানা করে দিয়েছেন। কেন ফেডারেশন কর্মকর্তাদের মুখোমুখি হতে চাইলেন না নায়ক?
ফেডারেশনের পক্ষ থেকে রণবীরকে পর পর তিনটি নোটিশ বা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু রণবীর নিজে তো যানইনি, বরং তাঁর সেক্রেটারি ইমেইলের মাধ্যমে কড়া জবাব পাঠিয়েছেন। 'হামজা'-র টিমের স্পষ্ট বক্তব্য, ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন। দুই পক্ষ (অভিনেতা ও প্রযোজক)-এর মধ্যকার বাণিজ্যিক বা আইনি চুক্তির বিবাদ মেটানোর কোনও আইনি এক্তিয়ার এফডব্লুআইসিই-এর নেই। ফলে যে বিষয়টি তাদের এক্তিয়ারের বাইরে, সেখানে হাজিরা দেওয়ার কোনও যৌক্তিকতা দেখছেন না অভিনেতা।
রণবীরের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তিনি ছবি থেকে পালিয়ে যাননি বা অপেশাদার আচরণ করেননি। প্রায় দুই বছর প্রজেক্টটির সঙ্গে যুক্ত থাকার পরও প্রযোজনা সংস্থা তাকে কোনও 'লকড স্ক্রিপ্ট' চূড়ান্ত চিত্রনাট্য দিতে পারেনি। গল্পে বারবার বদল এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের খামতির কারণেই তিনি সৃজনশীলভাবে অসন্তুষ্ট হয়ে 'ডন ৩' ছাড়ার সিদ্ধান্ত নেন। রণবীরের টিমের মতে, চিত্রনাট্যই যেখানে তৈরি নয়, সেখানে শ্রমিকদের ক্ষতির দায় একা অভিনেতার ওপর চাপানো সম্পূর্ণ অন্যায়।
ছবির সহ-প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের দাবি, রণবীরের সম্মতির ওপর ভিত্তি করে তাঁরা ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশন, বিদেশের লোকেশন রেকি এবং ২০০ জন ক্রু মেম্বারের হোটেল বুকিং বাবদ প্রায় ৪৫ কোটি টাকা খরচ করে ফেলেছেন। এখন অভিনেতা সরে দাঁড়ানোয় এই বিশাল ক্ষতিপূরণ দাবি করছে এক্সেল এন্টারটেইনমেন্ট। রণবীরের আইনি উপদেষ্টারা মনে করছেন, এই পরিস্থিতিতে ফেডারেশনের মতো কোনও মধ্যস্থতাকারী ফোরামে বসলে আইনি জটিলতা আরও বাড়তে পারে। তাই যা হওয়ার, তা নিয়মতান্ত্রিক ও আইনি পথেই হওয়া শ্রেয়।
ফেডারেশনের কর্মকর্তারা প্রেস কনফারেন্স ডেকে রণবীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও, রণবীর নিজে কিন্তু ক্যামেরার সামনে সম্পূর্ণ নীরব। তাঁর মুখপাত্র একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, "রণবীর ফিল্ম ইন্ডাস্ট্রির সবাইকে এবং 'ডন' ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে অত্যন্ত সম্মান করেন। তিনি বিশ্বাস করেন, পেশাদার বিতর্ক ও ব্যক্তিগত সম্পর্ক সবসময় মর্যাদা, পরিপক্বতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত। তাই তিনি জনসমক্ষে কাদা ছোঁড়াছুড়িতে অংশ না নিয়ে নিজের কাজে ফোকাস করতে চান।"
ফেডারেশন ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের স্পটবয়, লাইটম্যান থেকে শুরু করে টেকনিশিয়ান, ৩8টি ক্রাফটের ৪ লাখের বেশি সদস্য রণবীরের কোনও প্রজেক্টে কাজ করবেন না। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, এই 'ব্যান' বা অসহযোগিতার কোনও আইনি ভিত্তি নেই, তাও বলিউডের অন্দরে এই ঠান্ডা লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।















