আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মুক্তির আগেই ফাঁস বিজয়ের 'জন নয়াগণ:!
এখনও মুক্তি পায়নি ছবিটি। ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এবার 'জন নয়াগণ' আনুষ্ঠানিক ভাবে বড়পর্দায় আসার আগেই ফাঁস হয়ে গেল অনলাইনে। এই ঘটনা ঘটার পরই বড় পদক্ষেপ নিল বিজয়ের ছবির নির্মাতারা। তাঁদের তরফে জানানো হয়েছে যে বা যাঁরা অনলাইন থেকে 'জন নয়াগণ' ডাউনলোড করবে বা শেয়ার করবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রযোজনা সংস্থা। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ছবিটির বেশ কিছু দৃশ্য বেআইনি ভাবে ডাউনলোড করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই ছবির ক্লিপ আদানপ্রদান, ডাউনলোড চলছে। ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে প্রযোজনা সংস্থা। একই সঙ্গে জানিয়েছে যাঁরা এটি ডাউনলোড বা শেয়ার করবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণাটক হাইকোর্টে যাচ্ছেন রণবীর! কেন?
গত বছর 'কান্তারা চ্যাপ্টার ওয়ান: ছবি থেকে ঋষভ শেট্টির এক্সপ্রেশন নকল করে বিপাকে পড়েছিলেন রণবীর কাপুর। এবার জানা গেল তিনি এই কেসে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। তিনি এই বিষয়ে পাল্টা ক্ষমা চাইবেন। একই সঙ্গে সেখানে গিয়ে তিনি চামুণ্ডা মন্দিরে যান পুজো দেন। প্রসঙ্গত, গত বছরের 'কান্তারা' বিতর্কের পর রণবীরের নামে অভিযোগ করা হয়, বিপাকে পড়েন অভিনেতা, কিন্তু বর্তমানে তিনি তাঁর ছবি 'ধুরন্ধর ২' -এর সাফল্য উপভোগ করছেন। ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই ছবিটি প্রায় ১১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বিশ্বজুড়ে টপকে গিয়েছে ১৫০০ কোটির গণ্ডি। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সারা অর্জুন। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন।
বিতর্কের পর নতুন করে মুক্তি পেল বাদশার গান 'তাতিরি'!
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বাদশার নতুন গান 'তাতিরি'। কিন্তু তাতে মহিলাদের নিয়ে অপমানজনক কথা থাকায় চরম বিতর্কের মুখে পড়তে হয় গায়ককে। তিনি বাধ্য হন গানটি সরিয়ে নিতে। সেসবের মাঝে তিনি বিয়েও সেরে ফেলেন। নতুন করে কাজ এবং জীবনের মূলস্রোতে ফিরতে প্রস্তুত বলে জানান। এবার বিতর্ককে পিছনে ফেলে নতুন করে মুক্তি দিলেন 'তাতিরি' গানটিকে। এটির নাম রেখেছেন 'তাতিরি ফির সে'। তবে এবার আর মহিলাদের নিয়ে কোনও অপমানজনক কথা নেই এতে। নেই আপত্তিকর দৃশ্যও। সবটা এডিট করে নতুন করে মুক্তি পেল তাতিরি। এবার শ্রোতাদের থেকে কেমন সাড়া পায় সেটাই দেখার।















