সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

মুক্তির আগেই বেআইনি ভাবে স্থানীয় কেবল চ্যানেলে 'জন নয়াগণ'! 

বিজয়ের শেষ ছবি 'জন নয়াগণ' নিয়ে চর্চা এবং উন্মাদনা, কিছুরই কমতি নেই। কিন্তু এই ছবি নিয়ে সমস্যা যেন শেষ হচ্ছে না। জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল 'জন নয়াগণ', কিন্তু জটের কারণে মুক্তি পায়নি এখনও ছবিটি। এদিকে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে যায় ছবির একাধিক দৃশ্য। এরপরই কড়া পদক্ষেপ নেন ছবির নির্মাতারা। কিন্তু এবার যা ঘটল সেটা অবিশ্বাস্য। একটি স্থানীয় কেবল চ্যানেলে মুক্তির আগেই বেআইনি ভাবে দেখিয়ে দেওয়া হল 'জন নয়াগণ'। গত ১১ এপ্রিল এই ছবিটি সম্প্রচারিত হয়েছে। এদিকে এখনও সেন্সর বোর্ড থেকে গ্রিন সিগন্যাল পায়নি বলে বড়পর্দায় মুক্তি পায়নি ছবিটি। তামিল নাড়ুর একটি কেবল চ্যানেলে দেখানো হয়েছে ছবিটি। 

ঠাকুমার মৃত্যুর দু'দিন পার, আশা ভোঁসলের জন্য মন কেমন করা পোস্ট নাতনি জনাইয়ের 

গত ১২ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর চলে যাওয়ার দু'দিন পর এদিন একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন তাঁর নাতনি জনাই ভোঁসলে। তিনি তাঁর সেই পোস্টে লেখেন, 'আজ সকালে যখন ঘুম ভাঙল, অনুভব করলাম আমি আমার পার্টনার ইন ক্রাইম, আমার প্রিয় বন্ধু, এমন একজন মানুষ যে আমার গোটা দুনিয়াকে পরিপূর্ণ করত, যে মানুষটা আমি জন্মানোর পর আমায় প্রথম কোলে নিয়েছিল তাঁকে হারিয়ে ফেলেছি। এখন আমি কী করব? আমি এখন কাকে ঘুম থেকে জাগাব, কাজে জড়িয়ে ধরব সকালে, চা খাব একসঙ্গে বসে? কে আমার জন্য রোজ অপেক্ষা করবে যে আমি কবে বাড়ি ফিরব? কার সঙ্গে আমি বোকা বোকা জোকস নিয়ে কথা বলব?' তিনি এদিন আরও লেখেন, 'তিনি হয়তো উপর থেকে আমাদের দেখছেন, বিশেষ করে তাঁর পরিবারকে। আমি বিশ্বাস করি উনি ফিরে আসবেন আমার কাছে শীঘ্রই, কারণ উনি আমায় কথা দিয়েছেন।' 

https://www.instagram.com/reels/DXGZ0sPDDAe/

আইপিএলের দল কেন কখনও কেনেননি অভিষেক? কী জানালেন? 

শাহরুখ খান থেকে জুহি চাওলা, আম্বানি পরিবার, প্রমুখ তারকারা বিভিন্ন আইপিএলের দলের মালিক। কিন্তু বলিউডের অন্যতম বিত্তশালী পরিবারের সদস্য এবং প্রথম সারির নায়ক হয়েও কেন অভিষেক বচ্চন কখনও আইপিএলে কোনও দল কেনেননি? ফাঁস করলেন নিজেই। জুনিয়র বচ্চন জানান আইপিএলের দল কেনার সাধ্য তাঁর নেই। এটা তাঁর বাজেটের বাইরে। যদিও তিনি প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার দলে মালিক।