বলিউড অভিনেতা বেদাঙ্গ রায়না বর্তমানে তাঁর নতুন ছবি 'ম্যায় ওয়াপাস আউঙ্গা'-র সাফল্যে চর্চায় রয়েছেন। তবে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবনের একটি বিশেষ দিক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই তরুণ অভিনেতা। এক সাক্ষাৎকারে বেদাঙ্গ তাঁর 'হার্টব্রেক' বা প্রেম ভাঙা নিয়ে বেশ খোলাখুলি কথা বলেছেন।
বেদাঙ্গ জানান, জীবনের কোনও না কোনও পর্যায়ে কমবেশি সবাইকেই মনের কষ্ট বা বিচ্ছেদের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তিনি নিজে একাধিকবার এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে স্বীকার করেছেন। অভিনেতা বলেন, "আমি মনে করি সময় সব ক্ষত সারিয়ে দেয়। এটি শুনতে কিছুটা ক্লিশে মনে হলেও, সময়ের সঙ্গেই মানুষ জীবনের কঠিন পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিতে শেখে।"
নিজের মানসিক শক্তি বজায় রাখার চাবিকাঠি হিসেবে তিনি নিজেকে ভালবাসার ওপর জোর দিয়েছেন। বেদাঙ্গের মতে, মানুষ নিজেকে যতটা বেশি ভালবাসতে শুরু করে, বাইরের কোনও আঘাত বা বিচ্ছেদ তাঁকে ততটাই কম প্রভাবিত করে।
এক সময় খুশি কাপুর এবং বেদাঙ্কের সম্পর্কের রসায়ন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। যদিও তাঁরা নিজেরা কখনওই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি অন্য ইঙ্গিত দিত। খুশির জন্মদিন হোক বা নতুন বছরের ছুটি কাটানো— প্রায় সব জায়গাতেই দু'জনকে একসঙ্গে দেখা যেত। এমনকী গত বছরের মাঝামাঝি সময়ে খুশির গলায় একটি লকেট দেখা গিয়েছিল, যেখানে বেদাং-এর নামের আদ্যক্ষর খোদাই করা ছিল। তাই নেটিজেনরা এটাকে 'অফিসিয়াল কনফার্মেশন' হিসেবেই ধরে নিয়েছিলেন।
কিন্তু হঠাৎই হল ছন্দপতন! জানা যাচ্ছে, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই। তবে বিচ্ছেদের নেপথ্যে নির্দিষ্ট কারণটি এখনও ধোঁয়াশায়। কেউ বলছেন কেরিয়ারের ব্যস্ততা, আবার কেউ খুঁজছেন তৃতীয় ব্যক্তি কেন্দ্রীক কোনও কারণ। এর মধ্যেই আবার রাজেশ খান্নার নাতনি নওমিকার সঙ্গে বেদাঙ্কের ঘনিষ্ঠতা চর্চায় উঠে এসেছে।















