টলিউডে কাজের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ একাধিক শিল্পীকে ব্যান করা, ফেডারেশনের নিয়মের কারণে কাজ আটকে যাওয়া, কাজ করতে না পারার অভিযোগ উঠেছে একাধিকবার৷ এবার সমাজমাধ্যমে নিজের অভিমত জানালেন ত্রমীলা ভট্টাচার্য।
৩০ বছর কাজ করার সুবাদে মানুষের বহু পরিবর্তন তিনি দেখেছেন৷ কিন্তু এই সময় মানুষের প্রবৃত্তি নিয়ে কথা না বলে তিনি কীভাবে আরও বেশি কাজ হতে পারে সেই বিষয় প্রশ্ন তুলেছেন৷
অসুস্থ হলে, দুর্ঘটনা হলে শিল্পীদের জন্য আলাদা সুযোগ সুবিধা নেই৷ আয়ও তেমন নেই। অবসরকালীন কোনও সুবিধাও নেই। একাধিক জরুরি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রমীলা৷
ত্রমীলা লিখেছেন, "৩০ বছর হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কত পরিবর্তনই না দেখলাম! মানুষের প্রবৃত্তি বদল নিয়ে কথা না বলে কাজের কথায় আসি।
আমরা একে কেন “ফিল্ম ইন্ডাস্ট্রি” বলি? আদৌ কি এখানে ইন্ডাস্ট্রিয়াল ল’ প্রযোজ্য? কারণ এখানে আমরা সবাই চুক্তিভিত্তিক কাজ করি। প্রায় ২৬টি গিল্ড এতদিন ধরে ফেডারেশনের অধীনে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। এই ২৬টি গিল্ডে প্রায় ৮০০০ থেকে ১০,০০০ সদস্য রয়েছেন, অত্যন্ত দক্ষ, দক্ষ এবং মাঝারি দক্ষতার কলাকুশলী সব মিলিয়ে।
ত্রমীলা লিখেছেন, আর্টিস্ট ফোরাম ফেডেরেশানের অন্তর্ভুক্ত নয়। আর্টিস্ট ফোরামে অসংখ্য সদস্য আছেন। ম্যানেজার্স গিল্ড আছে।এছাড়াও আরও অনেকে আছেন যাঁদের কোনও গিল্ডই নেই।
এত মানুষের পরিবার আমাদের এই জগৎ। অথচ নিয়মিত কাজ করেন প্রায় ৪০০০ জন, ফিল্ম ও টেলিভিশন মিলিয়ে। সবাই চুক্তিভিত্তিক কাজ করেন। ভবিষ্যৎ বলে কিছু নেই। যতদিন শরীর সাপোর্ট করবে ততদিন কাজ করা যাবে। অসুস্থ হলে, দুর্ঘটনা ঘটলে বা বয়স হলে কাজ বন্ধ, সঙ্গে রোজগারও বন্ধ।
সাধারণত যেসব পেশায় retirement benefit বা সামাজিক নিরাপত্তা থাকে না, সেখানে রোজগার তুলনামূলক ভালো হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটাও হয় না। শিল্পীদের ক্ষেত্রেও একই অবস্থা — অভিজ্ঞ শিল্পীর পারিশ্রমিক একটু বাড়লেই নতুন মুখ এনে কাজ করানো হয়।
এত বড় একটি আন অর্গানাইজড সেক্টরকে-কে শুধুমাত্র ইন্ডাস্ট্রি নাম দিয়ে কি সত্যিই কোনও লাভ আছে?
প্রয়োজন আরও বেশি চ্যানেল, আরও বেশি কাজ, আরও বেশি সিনেমা — শর্ট ফিল্ম থেকে ব্লকব্লাস্টার সিনেমা। সবচেয়ে বেশি আয় হয় ধারাবাহিক থেকে৷ কিন্তু সেখানে মনোপলি চলছে৷কেবল।অপারেটররা সব চ্যানেল দেখায় না। চ্যানেল ব্যবসা করতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে।
তাই কাজ দরকার। মনোপলি বন্ধ হোক। কাজ সবার জন্য হোক।"
[ অভিনেত্রীর লেখার ইংরাজি শব্দ বাদ দিয়ে বাকি অংশের লেখা আর বানান অপরিবর্তিত ]
















