বনশালির বাড়াবাড়ি
সঞ্জয় লীলা বনশালির আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে পারদ চড়ছে উত্তেজনার। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, রণবীর-আলিয়া-ভিকির এই ছবির মুক্তি নির্ধারিত তারিখে হচ্ছে না। কারণ হিসেবে শোনা যাচ্ছে, ছবির শুটিং নাকি আরও ৫০ দিন বেড়েছে, যার ফলে স্বভাবতই চড়চড়িয়ে বেড়েছে ছবির বাজেট।
ছবি ঘনিষ্ঠ এক সূত্রের মতে, “আসলে বনশালি ভীষণ পারফেকশনিস্ট। তাঁর মতে, প্রতিটি দৃশ্যের ফ্রেম নিখুঁত হতে হবে। সেইজন্য বারংবার এক দৃশ্য শুট করতেও পিছপা হন না তিনি। এবং তার ফলেই ছবির বাজেট এক লাফে বেড়ে গিয়েছে অনেকটাই। যেখানে ছবির মূল বাজেট নির্ধারিত ছিল ৩৫০ কোটি টাকা, সেই বাজেট-ই এখন গিয়ে দাঁড়িয়েছে ৪২৫ কোটি টাকায়!” সেই সূত্র আরও জানিয়েছে, ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রীরাও নাকি এখন পারিশ্রমিক নেওয়ার বদলে ছবির মোট লভ্যাংশ থেকে একটা মোটা টাকার অংশ নিজেদের পারিশ্রমিক হিসেবে রাখবেন।
আমিরি-আশ্বাস
সেলিম খানকে দেখতে প্রথম দিনই হাসপাতালে ছোটা তারকাদের মধ্যে অন্যতম আমির খান। যদি দিন গড়িয়েছে, সলমনের বাবার স্বাস্থ্যের খবর নিয়ে জল্পনা বেড়েছে। গোটা বিষয়টায় অসন্তোষ প্রকাশ করেছে সলমন খানের পরিবারও। এবার সেলিম খানের স্বাস্থ্যের খবর দিলেন আমির খান। জানালেন, সেলিম খান যেহেতু আইসিইউ-তে রয়েছেন, তাই ওঁর সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। আমির আরও জানান, সলমনের বড় বোন আলভিরা তাঁকে জানিয়েছেন সেলিমের শরীর আগের থেকে একটু ঠিক হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
ধুরন্ধর-জ্বর
বক্স অফিসে ধুরন্ধর ঢেউ নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। মধ্যে প্রাচ্যের একাধিক দেশে এই ছবি নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেও রেকর্ড হারে ব্যবসা করেছে এই ছবি। এবার পালা ‘ধুরন্ধর ২’-এর। চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি। এহেন আবহে মাধবন দাবি করলেন, দুবাইয়ে যেহেতু এই ছবি নিষিদ্ধ, তাই সেখানকার বাসিন্দারা ভারতে উড়ে আসছেন ‘ধুরন্ধর ২’ দেখবেন বলে! অভিনেতার কথায়, “এটাই ভাল গল্পের জোর। আমি যাঁদের কথা বলছি, তাঁরা ইচ্ছে করেই নিজের কাজের মিটিং ‘ধুরন্ধর ২’ মুক্তির সময় এ দেশে রেখেছেন, যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। তাঁরা কিন্তু অন্যভাবেও ‘ধুরন্ধর ২’ দেখতে পারতেন, কিন্তু না প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকের মাঝে বসে এই ছবির মজা উপভোগ করতে চান।”
&t=313s
