ভিকি-ক্যাটরিনা কাব্য 

মুম্বইয়ের বুকে এখন ঝমঝমিয়ে নামছে বর্ষা। আর এই মেঘলা আবহাওয়ায় নিজের জীবনসঙ্গী ক্যাটরিনা কইফ-কে পাশে নিয়ে ভালোবাসার রঙে ভিজছেন বলিউডের ‘চকোলেট বয়’ ভিকি কৌশল।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্ত্রীর সাথে কাটানো একটি ভীষণ মিষ্টি ও রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেতা, যা দেখে কার্যত ‘হায়’ হিল্লোল উঠেছে নেটপাড়ায়।

সাদা-কালো ক্যানভাসে ধরা পড়া এই ছবি এখন বলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়।নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিকি কৌশল যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ঘরের ব্যালকনি বা জানলার ধারে বসে রয়েছেন অভিনেতা। আর তাঁর ঠিক পিছন থেকে পরম আদরে ভিকির কাঁধে হাত রেখে, তাঁর দিকে আলতো ঝুঁকে রয়েছেন ক্যাটরিনা। পাশ থেকে নেওয়া এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটিতে তারকা দম্পতির মুখের অবয়ব এবং তাঁদের রসায়ন এক কথায় অনবদ্য লাগছে।ছবির ক্যাপশনে কোনও দীর্ঘ বার্তা লেখেননি আগামী ছবি ‘ছাওয়া’-র এই অভিনেতা। কেবল ৩টি শব্দে লিখেছেন— “বৃষ্টি আর তুমি”। 

 

শাহিদের বাতাস-বাতাস কাণ্ড

 

বক্স অফিসে রমরমিয়ে চলছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানা অভিনীত রোমান্টিক-কমেডি ছবি ‘ককটেল ২’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও হোমি আদাজানিয়া পরিচালিত এই সিক্যুয়েলটি ভালোই ব্যবসা করছে। সিনেমার একটা বড় অংশের শুটিং ইতালির মনোরম লোকেশনে হলেও, দিল্লি-এনসিআর -এর শিডিউলে টিমকে যে চরম নরকযন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তা এবার ফাঁস করলেন ছবির লাইন প্রডিউসার সুমিত ত্যাগী।

দিল্লির ভয়ানক দূষণ এবং ৫০০ পার করা একিউআই-এর মধ্যে শুটিং করতে গিয়ে শাহিদ কাপুরের এক অদ্ভুত জেদ এবং তা সামাল দিতে প্রযোজনা সংস্থার কালঘাম ছোটার এক টক-ঝাল গল্প সামনে এনেছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্ট এসে সুমিত ত্যাগী সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে শাহিদ কাপুরকে “মনমৌজি” (খামখেয়ালি বা মেজাজি) বলে আখ্যা দেন। তিনি জানান, দিল্লির দূষণ সূচক যখন ৫০০-র গণ্ডি ছাড়িয়ে ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছে যায়, তখন গুরুগ্রামের সাইবার সিটিতে আউটডোর শুটিংয়ের শিডিউল ছিল।কিন্তু বাতাসের এমন বিষাক্ত অবস্থা দেখে সাফ বেঁকে বসেন অভিনেতা। শাহিদ জানিয়ে দেন, এই ক্ষতিকারক বাতাসে তিনি কিছুতেই ভ্যান থেকে নেমে বাইরে শুটিং করবেন না।লাইন প্রডিউসার সুমিত জানান, শাহিদকে শান্ত করতে এবং শুটিং সচল রাখতে তড়িঘড়ি অদ্ভুত এক ব্যবস্থা করে প্রোডাকশন টিম। শাহিদের জন্য ৫ থেকে ৬টি হাই-কোয়ালিটি ইনডোর এয়ার পিউরিফায়ার আনিয়ে খোলা আকাশের নীচে বসিয়ে দেওয়া হয়!

 

“আমি তখন টিমকে প্রশ্ন করেছিলাম, খোলা আকাশের নিচে, আউটডোর শুটিংয়ে এই ইনডোর এয়ার পিউরিফায়ারগুলো কী কাজে আসবে? গুরুগ্রামের রাস্তায় এগুলো চালিয়ে লাভ কী? তখন আমাকে ওপর থেকে বলা হয়েছিল— ‘আরে রাখুন তো, এটা শুধু ওঁর মনের সন্তুষ্টিরজন্য করা হচ্ছে!’”

শেষ পর্যন্ত শাহিদ শুটিং করেছিলেন ঠিকই, তবে দিল্লির দূষণ যে ইতালির গ্ল্যামারাস শুটিংয়ের অভিজ্ঞতাকে এক নিমেষে ফিকে করে দিয়েছিল, তা স্পষ্ট।

 

সোহেলের জন্য মনকেমন বোনের

 

ওটিটি প্ল্যাটফর্মে সবেমাত্র শুরু হয়েছে নতুন এবং হাই-ভোল্টেজ রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’। আর প্রথম কয়েকটি পর্ব সম্প্রচারিত হতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এই শো-কে ঘিরে। অভিনেতা কুনাল খেমু -র সঞ্চালনায় এই শো-এর প্রথম দিনেই ১৬ জন প্রতিযোগী ৮টি আগে থেকে ঠিক করা জুটি হিসেবে ঘরে প্রবেশ করেছিলেন। কিন্তু খেলার টুইস্টে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই পুরনো সমস্ত সমীকরণ ও পার্টনারশিপ ভেঙে চুরমার হয়ে যায়।ঘরজুড়ে চলা এই তুমুল ঝগড়া ও ড্রামার মাঝেই এবার ‘অ্যালায়েন্স’-এর ঘরে এক বড়সড় ধামাকা হতে চলেছে। শো-তে প্রতিযোগী বা ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিতে চলেছেন সুপারস্টার সলমন খানের ভাই তথা অভিনেতা-প্রযোজক সোহেল খান।

 

রিয়্যালিটি শো-এর দুনিয়ায় সোহেল খানের এই নতুন সফরকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন তাঁর বোন অর্পিতা খান শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইয়ের সাথে একটি ছবি শেয়ার করে অর্পিতা লেখেন, “সবসময় ভাবতাম তুমি তো মাত্র একটা ফোনের দূরত্বে আছ, আর সেই ভেবেই ফোন করার ব্যাপারে অলসতা করতাম। কিন্তু এখন বুঝতে পারছি তোমার সঙ্গে কত কিছু নিয়ে কথা বলার ছিল! গত কয়েকদিন ধরে আমি তোমাকে একটা ফোনও করতে পারছি না (রিয়্যালিটি শো-এর নিয়মের কারণে)। তোমাকে খুব মিস করছি ভাই। শো-তে তোমাকে দেখার জন্য আর তর সইছে না। তুমি অনেক উজ্জ্বল হও, আমরা সবাই তোমাকে খুব ভালবাসি।”

অর্পিতার এই বার্তা থেকেই পরিষ্কার যে, শো-এর বাকি প্রতিযোগীদের মতোই সোহেল খানকেও বাইরের দুনিয়া এবং পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ‘অ্যালায়েন্স’-এর ঘরে বন্দি করা হয়েছে।