ত্রিকোণ প্রেমের মাঝে বেদং?

চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে ইমতিয়াজ আলির বহু প্রতীক্ষিত ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। আর সেই ছবি মুক্তির আগেই টিনসেল টাউনের নতুন ‘সারপ্রাইজ প্যাকেজ’ বেদং রায়না-কে নিয়ে সামনে এল এক মস্ত বড় ধামাকা খবর। বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর আসন্ন একটি প্রজেক্টে প্রধান হিরো হিসেবে দেখা যাবে বেদান্তকে। আর এই ছবিতে তিনি একা নন, একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দুই নবাগতা সুন্দরীর সাথে!

কিছুদিন আগেই জানা গিয়েছিল, এই ছবির হাত ধরে রূপোলি পর্দায় ডেবিউ করতে চলেছেন ডিম্পল কাপাডিয়ার নাতনি তথা রিঙ্কি খন্নার কন্যা নাওমিকা শরণ । এবার জানা গেল ছবির দ্বিতীয় নায়িকার নামও। ‘ম্যাডক ফিল্মস’-এর এই বিগ-বাজেট ছবিতে বেদং-এর সঙ্গে অন-স্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণী ছবির পরিচিত মুখ প্রগতি শ্রীবাস্তব-কে।বলিউডের ভেতরের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জগদীপ সিধু -র পরিচালনায় নাম ঠিক না হওয়া এই ছবিটি আসলে একটি ত্রিকোণ প্রেমের ওপর ভিত্তি করে তৈরি, যার সঙ্গেমিশে থাকবে টানটান কমেডি ও থ্রিলারের উপাদান।

 

 

কবে আসছে ‘প্রহার’? 

এবার ভারতের বিচারব্যবস্থার ইতিহাসের এক অত্যন্ত প্রভাবশালী এবং হাই-প্রোফাইল চরিত্রের জুতোয় পা গলাতে চলেছেন রাজকুমার রাও। প্রযোজক দিনেশ ভিজনের ‘ম্যাডক ফিল্মস’ -এর ব্যানারে আসতে চলেছে নতুন ছবি ‘প্রহার: দ্য উজ্জ্বল নিকম স্টোর’ । সত্য ঘটনা এবং বাস্তব জীবনের অনুপ্রেরণায় তৈরি এই থ্রিলার ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন রাজকুমার।পরিচালক অবিনাশ অরুণের পরিচালনায় এই ছবিতে রাজকুমার রাও ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওয়ামিকা গাব্বি , সিকান্দার খের এবং জয়দীপ আহলাওয়াত-এর মতো শক্তিশালী অভিনেতাদের। ইতিমধ্যেই ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৭ আগস্ট, ২০২৬-এ দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই মেগা প্রজেক্ট।

 

ছবিটি তৈরি হচ্ছে ভারতের প্রখ্যাত এবং দুঁদে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ সরকারি আইনজীবী) উজ্জ্বল নিকম-এর বাস্তব জীবন ও ওঁর লড়া কিছু রোমাঞ্চকর আইনি লড়াইয়ের ওপর ভিত্তি করে। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বড় হত্যাকাণ্ড এবং জঙ্গি হামলা মামলার অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি পাইয়ে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই উজ্জ্বল নিকম।

 

 

ফের নাম বদল!

সানি দেওল এবং প্রীতি জিন্টা-র বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ছবিটির নাম নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। এতদিন যে ছবিটিকে সিনেমা প্রেমীরা ‘লাহোর ১৯৪৭’ নামে জানতেন, তার নাম এখন পুরোপুরি বদলে ফেলা হয়েছে। ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘বটওয়ারা ১৯৪৭’। আজ, মঙ্গলবার (৯ জুন, ২০২৬) মেকার্সদের তরফ থেকে ছবিটির প্রথম মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। এর মাধ্যমেই ছবির নতুন নাম এবং মুক্তির চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। আমির খান -এর প্রযোজনায় এবং খ্যাতনামা পরিচালক রাজকুমার সন্তোষী-র পরিচালনায় তৈরি এই বিগ-বাজেট ছবিটি আগামী ১৪ আগস্ট, ২০২৬-এ স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।