টলিপাড়ায় ভাঙা-গড়ার খেলা তো রোজই চলতে থাকে। এটা নতুন কিছু নয়। তবে এবার ব্যাপারটা অন্য। টলিউডের জনপ্রিয় জুটি বিয়ে করেছিলেন ধুমধাম করে। কিন্তু বিয়ের কয়েক বছর যেতেই তাঁদের আসল সমীকরণটা প্রকাশ্যে আসে। বিয়ে নাকি নামেই! আসলে সবটাই নিজেদের মধ্যে বোঝাপড়ায় টিকে আছে। অনেকটা 'ওপেন ম্যারেজ' আর কী!

দম্পতির কাণ্ডকারখানা যখন প্রকাশ্যে এল, তখন সবাই অবাক। তবে নিজেদের জীবন নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তাঁরা। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে টলিপাড়ার এই দম্পতি নিজেদের মধ্যেকার দূরত্ব বেশ ভালভাবেই বুঝিয়ে দিচ্ছেন। এর মধ্যে আবার শোনা যাচ্ছে নায়কের নতুন প্রেমের গুঞ্জনও। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে নাকি জন্মদিনেও স্ত্রীকে ডাকেননি। সেই জায়গায় নায়ক নজর কেড়েছেন অন্য নায়িকার সঙ্গে। সমাজমাধ্যমে এখন তাঁদের ছবি ভাইরাল। কানাঘুষো, ওই নায়িকার সঙ্গে নাকি বেশ‌ কিছুদিন ধরেই ঘনিষ্ঠতা বেড়েছে নায়কের। নায়িকাকে এই মুহূর্তে জি বাংলার এক ধারাবাহিকে দ্বিতীয় মুখ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে।

অন্যদিকে, ওই নায়কেরও নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জি বাংলার পর্দায়। যদিও দু'জনের শুটিং ফ্লোরের দূরত্ব অনেকটাই। তবে বর্তমানে নাকি বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠান ছাড়াও দু'জনকে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে। 

এদিকে, থেমে নেই নায়কের স্ত্রীও। তিনিও নিজের মতো করে জীবনের অন্য মানে খুঁজে পেয়েছেন। এক পরিচালকের সঙ্গে সেই নায়িকার ঘনিষ্ঠতার খবর আগেই ছড়িয়েছিল। তবে জানা যাচ্ছে, ওই পরিচালক ছাড়াও নাকি সহ-অভিনেতার সঙ্গেও একটা আবছা সম্পর্ক গড়ে উঠেছে নায়িকার। যদিও দু'জনের এই কথা স্বীকার করার কোনও জায়গাই নেই। তবে বর্তমানে টলিপাড়ার এই দম্পতির জীবনের নতুন সমীকরণ ও অন্য প্রেমের আনাগোনা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।