মুক্তির তারিখ এগিয়ে এল একদিন! দর্শকদের জন্য বড়পর্দার অভিজ্ঞতার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই মুক্তি পাচ্ছে বহুচর্চিত ছবি 'দ্য বোস ফাইলস- সচ ইয়া সাজিশ' অর্থাৎ 'সত্য না ষড়যন্ত্র'। দেশজুড়ে তীব্র কৌতূহল এবং সেন্সর বোর্ডের দীর্ঘ জট কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে  ঐতিহাসিক ছবি 'দ্য বোস ফাইলস' (The Bose Files - Sach Ya Sazish)। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, দর্শক ও অনুরাগীদের উন্মাদনা এবং প্রিমিয়ারের জন্য উপযুক্ত হল বুকিংয়ের সুবাদে এবার নির্ধারিত দিনের একদিন আগেই অর্থাৎ ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

গত ২৭ জুলাই কলকাতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই ছবির। উপস্থিত ছিলেন পরিচালক রাজেশ গুপ্ত, নেতাজির চরিত্রে অভিনয় করা খ্যাতনামা অভিনেতা যতীন কারেকর এবং অভিনেতা রাজীব কুমার অনেজা। নির্মাতারা জানান, দীর্ঘ এবং কড়া যাচাই প্রক্রিয়া ও একাধিক দফার স্ক্রুটিনির পর অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এই ছবি। সমস্ত বাধা অতিক্রম করে দর্শকের দরবারে সত্য তুলে ধরার জেদ বজায় রেখেই অবশেষে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে।

নিখুঁত গবেষণা এবং সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই পিরিয়ড ড্রামাটি অনুপ্রাণিত হয়েছে প্রখ্যাত লেখক অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষের দীর্ঘ গবেষণালব্ধ কাজের ওপর। নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যজনক অন্তর্ধানের মতো ভারতের ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং ধোঁয়াশাপূর্ণ রহস্যকে রুপোলি পর্দায় তুলে ধরেছে এই ছবি। ছবিতে একজন প্রতিভাবান তরুণী বীরালি প্রসাদ এবং দু'দশক ধরে নেতাজির অন্তর্ধানের সত্যতা অনুসন্ধানে ব্রতী হওয়া এক সাংবাদিক অনুজ গুপ্তের জার্নিকে তুলে ধরা হয়েছে। গোপন নথি, ভুলে যাওয়া সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বোস পরিবারের ইতিহাস এবং নেতাজির উত্তরাধিকারকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে এই ছবি।