তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে জেসন সঞ্জয়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁকে নাকি অপহরণ করা হয়েছে। যদিও বিষয়টি একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে। সম্প্রতি, একটি ভিডিওতে জেসন তাঁর ছোটবেলার একটি ঘটনার কথা তুলে ধরেন, সেটা তিনি মজা করে ‘অপহরণ’ বলে বর্ণনা করেছেন।

ভিডিওতে জেসন জানান, ছোটবেলায় স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষা করার সময় বিজয়ের এক অনুরাগী তাঁকে কোলে তুলে নিয়েছিলেন। সেই অনুরাগীর ইচ্ছা ছিল প্রিয় তারকাকে কাছ থেকে দেখার, কিন্তু বিজয় তখন গাড়ি থেকে বের হতেন না। অগত্যা তিনি জেসনকে স্কুল থেকে তুলে নিয়ে যান। ছোট জেসন তখন ভয়ে কেঁদে ফেলেছিলেন, কারণ তাঁর মনে হয়েছিল সে অপহৃত হয়েছে। পরে অবশ্য বিজয় গাড়ি নিয়ে আসার পর ওই ব্যক্তি নিরাপদে জেসনকে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেন। মজার ব্যাপার হল, সেই ঘটনার অনেক বছর পর জেসন যখন শুটিং সেটে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন, তখন সেই পুরনো স্মৃতি আবার তাজা হয়ে ওঠে।

সম্প্রতি, বিজয়ের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলছে। বিজয় এখন কেবল সুপারস্টার নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও বটে। নির্বাচনের দিন বিজয়ের বাড়িতে তৃষার উপস্থিতি এবং এর আগে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ফলে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকী বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। রাজনীতির ময়দানে বিজয়ের উত্থান এবং ব্যক্তিগত জীবনে তাঁর সঙ্গে তৃষার ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। তবে বিজয়ের জন্মদিনে প্রথমে তৃষা শুভেচ্ছা জানাননি, ফলে গুঞ্জন ছড়িয়েছিল তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

খবর ছড়িয়েছিল, এই দূরত্বের নেপথ্যে হয়তো বিজয়ের পারিবারিক পরিস্থিতি। শোনা যাচ্ছে, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিজয় নাকি তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। যদিও পরে তৃষার সঙ্গেই জন্মদিন পালন করতে দেখা যায়।