আজকাল ওয়েবডেস্কঃ চারপাশে কান পাতলে যখন শুধু ভাঙনের শব্দের অনুরণন, ভালবাসার রং ধরে রাখতে সুরকার ও গীতিকার প্রলয় গাঁথলেন 'বকুল ফুলের মালা'! গলা মেলালেন উৎস। এসভিএফ এর নতুন মিউজিক ভিডিও অ্যালবামের হাত ধরে আরও এক নতুন শিল্পীর উত্থান। 
'বকুল ফুলের মালা' মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। হালফিলের প্রেমের গল্পের থেকে 'বকুল ফুলের মালা' একেবারেই আলাদা। এটি দুই বৃদ্ধ দম্পতির ভালবেসে পাশে থাকার গল্প। হাতের ওপর হাত রাখার গল্প। আজীবন বইতে পাড়ার আবেগের কথা। 
বেশ কিছু সফল হিট গানের পর, সুরকার এবং গীতিকার প্রলয়, এই গানটির জন্য একটি নস্টালজিক এবং অনন্য সাউন্ডস্কেপ তৈরি করেছেন। কণ্ঠ দিয়েছেন নবাগত উৎস। এসভিএফ মিউজিক, নতুন প্রতিভাদের কদর করেছে সবসময়। এই প্রজেক্টে উৎস রয়েছেন লাইমলাইটে। প্রলয়, এর আগে 'শ্রীকান্ত' এবং 'বাংলার গান ইন্ডিজ' দিয়ে অনুরাগীদের মন ছুঁয়েছিলেন।  'বকুল ফুলের মালা' তাঁর আরও একটি নতুন প্রয়াস। 
মিউজিক ভিডিওটিতে জয়শ্রী বোস এবং পঙ্কজ কুমার মুন্সী অভিনয় করেছেন 'নীলিমা' এবং 'ফণিভূষণ'এর চরিত্রে। তাঁদের দক্ষতা দিয়ে জীবন্ত করে তুলেছেন 'বকুল ফুলের মালা'র আবেগ। নীলিমা এবং ফণিভূষণের অনন্য বন্ধন এই ভিডিওটির ইউএসপি নিঃসন্দেহে।
সম্পর্ক নিয়ে দোটানায় আজকের প্রজন্ম। সেখানে দাঁড়িয়ে পথ দেখতে পারে 'বকুল ফুলের মালা'! এই গানের কথা মন ছোঁয়া। চোখের কোণ ভেজাবে এই গানের চিত্রায়ন। সহজেই ব্রেকআপের এই যুগে কীভাবে শেষ পর্যন্ত কথা রাখার জন্য মানুষ লড়ে যেতে পারে? কীভাবে সম্পর্কের নানা ওঠাপড়া কাটিয়ে উঠতে পারে, মায়ায় বাঁধতে পারে-- তা পরতে পরতে লুকিয়ে এই নতুন গানে।