সুশান্ত সিং রাজপুতের বাড়িতে দীপাবলির আলো ম্লান। শনিবার বোম্বে হাইকোর্ট প্রয়াত অভিনেতার ৩৬তম অভিযুক্ত অনুজ কেশওয়ানিকে জামিন দিল। যিনি ২০২০ সালে সুশান্তের মৃত্যু মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন৷ তিনি এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী-সহ ৩৬ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছিলেন। তিনিই বাকি ছিলেন। আজ অনুজের বাড়িতে আলোর রোশনাই। খারের বাসিন্দা কেশওয়ানিকে সুশান্তের মৃত্যুর পর সেপ্টেম্বরে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। প্রয়াত পরিবারের অভিযোগ, তিনিই তাঁদের ছেলেকে নিয়মিত মাদক সরবরাহ করতেন।

প্রথমে জামিন চেয়ে বিশেষ আদালতে কেশওয়ানি আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

জামিন মঞ্জুর করার সময় বিচারপতি এমএস কার্নিকের দাবি, এই মামলা দীর্ঘদিন চলবে। তার মধ্যে কোনও অভিযুক্ত জামিন চাইতেই পারে। এবং তার ব্যবহারে আদালত সন্তুষ্ট হলে তার জামিন পাওয়া সম্ভব। সেটাই ঘটেছে অনুজের সঙ্গে। এর আগে রিয়া এবং তাঁর ভাই সৌভিক দীর্ঘ কারাবাসের পরে জামিনে মুক্তি পান।