জল্পনা নয়, বরং বাস্তব। সত্যিই মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু। আর সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন অভিনেত্রী। সামান্থা নিজেই জানিয়েছেন তাঁর হাতে বর্তমানে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে সাময়িক মাতৃত্বকালীন ছুটি নেবেন। তারপর পুনরায় কাজে ফিরবেন।
এদিন সামান্থা রুথ প্রভু তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'মা ইন্তি বাঙ্গারাম' ছবির সাকসেস পার্টিতে এসে জল্পনায় সিলমোহর দেন। জানান সত্যিই তাঁর এবং রাজ নিদিমোরুর প্রথম সন্তান আসছে। অভিনেত্রীর কথায়, 'আমায় 'মা ইন্তি বাঙ্গারাম' ছবির পর একটু বিরতি নিতে হবে। আমার অবস্থার জন্যই এই বিরতি নেব। আমি তারপর ফিরে আবার ছবি করব। আমি মাতৃত্বকালীন ছুটি নিচ্ছি।' অভিনেত্রী এদিন আরও বলেন, 'আমি আমার একটা নতুন ছবি নিয়ে আবার ভক্তদের কাছে ফিরে আসব।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিগত বেশ কিছুদিন ধরেই সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর জীবনে যে নতুন সদস্য আসছে সেই বিষয়ে জল্পনা চলছে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল অভিনেত্রী গর্ভবতী। একাধিক ইভেন্টে তাঁর বেবি বাম্প দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকে। এরপর সেই জল্পনা আরও বেড়ে যায় যখন পরিচালক বিভি নন্দিনী রেড্ডি আভাস দিয়ে বলেন সামান্থা শীঘ্রই তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ নায়িকা।
প্রসঙ্গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু। গোপনে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়ে সেই ছবি পোস্ট করে সকলকে চমকে দেন এই তারকা জুটি। এই বিষয়ে বলে রাখা ভাল, সামান্থা অতীতে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। অন্যদিকে রাজ অতীতে শ্যামলী দেকে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। অন্যদিকে সামান্থা ২০১৭ সালে নাগা চৈতন্যকে বিয়ে করেন। ২০২১ সালে আইনি ভাবে আলাদা হন তাঁরা। রাজ এবং সামান্থা নতুন জীবন শুরুর কয়েক মাসের মধ্যে তাঁদের জীবনে নতুন মানুষ আসছে।















