'ডন ৩' ছবিটি নিয়ে সম্প্রতি জোর বিতর্ক বেঁধেছিল। এমনকী সেই কারণে মুম্বইয়ের ফেডারেশন সাময়িক ভাবে রণবীর সিংকে নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করে দেয়। এবার এই গোটা বিষয়ে অভিনেতার পাশে দাঁড়ালেন সুনীল শেট্টি। কী বললেন রণবীরকে নিয়ে?
'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিটি মুক্তি পেয়েছে সদ্যই। তার প্রচারে এসে সুনীল শেট্টি 'ডন ৩' বিতর্ক এবং রণবীরকে নিয়ে মুখ খুললেন। বর্ষীয়ান অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের কোনও অধিকার নেই কাউকে কাজ করা থেকে আটকানোর। তাঁর মতে এভাবে কাউকে ব্যান করা হলে, এবং সেই বিষয়টা কোর্ট পর্যন্ত পৌঁছালে সেটা মোটেই টিকতে পারবে না। সুনীল শেট্টির কথায়, 'কেউ কখনই কোনও অভিনেতাকে ব্যান করতে পারেন না। শিল্পকে ব্যান করতে পারেন না। কারও সেই অধিকার নেই। সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা গেলে মুহূর্তে সেটা বাতিল হয়ে যাবে।'
শুধু তাই নয়, সুনীল শেট্টি এদিন এই প্রসঙ্গে টেনে আনেন 'ধুরন্ধর' ছবির সাফল্যের প্রসঙ্গও। মনে করিয়ে দেন রণবীর সিংয়ের হাত ধরেই বলিউড এত বিপুল অঙ্কের টাকার ব্যবসা করল। সুনীল শেট্টির কথায়, 'আপনি কে ব্যান করার। বোঝার চেষ্টা করুন এই বাচ্চাটা ইন্ডাস্ট্রিকে ৩৫০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে। আপনারা ওকে কেন ব্যান করতে চান? মানুষ যেটা বা যাঁকে দেখতে চাইছেন তাঁকে ব্যান করে আপনারা কী প্রমাণ করতে চান?'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পরপরই ডন ৩ ছবিটি থেকে সরে দাঁড়ান রণবীর সিং। সূত্রের খবর অনুযায়ী রণবীর এবং পরিচালক ফারহান আখতারের মধ্যে মতানৈক্যের কারণেই তিনি ছবিটি ছেড়ে দেন। এই ঘটনার পর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট অভিনেতার থেকে ৪৫ কোটি টাকা চায়। তাদের তরফে অভিযোগ করা হয়, ছবিটি প্রিপ্রোডাকশন স্টেজে ছিল যখন তখন যেহেতু অভিনেতা ছবিটি ছেড়েছেন তাই তাদের লস হয়েছে। তাই ক্ষতিপূরণ বাবদ এই টাকা দাবি করা হয়। পরবর্তীতে বিষয়টা মুম্বইয়ের ফেডারেশনের কাছে গেলে তারা রণবীরকে সাময়িক ভাবে ব্যান করেন। যদিও কদিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।















