শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিগত কয়েক দিন ধরে বেজায় চিন্তিত ছিলেন তাঁর অনুরাগীরা। ছেলে ইউভানকে নিয়ে দুবাই বেড়াতে গিয়ে মধ্য প্রাচ্যের এই অশান্তির আবহে সেখানে তাঁরা আটকে পড়েন। যদিও সকলের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সদ্যই তিনি দেশে ফিরেছেন। কিন্তু একি! তারপরই নতুন বিপদের মুখে পড়লেন? 

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একদল লোক আক্রমণ করেছেন। কিন্তু নির্ভীক, সাহসী লেডি সুপারস্টার সবাইকে একা হাতেই ধরাশায়ী করছেন। ভাবছেন কী ঘটেছে আসলে? ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে কোনও সিনেমা বা সিরিজের জন্য তিনি অ্যাকশন সিকোয়েন্স প্র্যাকটিস করছেন। একাই ছেলে, মেয়ে সকলকে মেরে ধরাশায়ী করে দিচ্ছেন। 

এদিন এক ভিডিও পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'কখনও শক্তিশালী, ক্ষমতাধর মহিলা হওয়ার জন্য ক্ষমা চাইবেন না।' মুহূর্তে তাঁর এই পোস্ট নেটিজেনদের থেকে ভালবাসা পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন তাঁকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

https://www.instagram.com/reels/DVnHU1VgD7K/

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের অনুসন্ধান সিরিজে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন শুভশ্রী। সেখানে তাঁকে ফাটাফাটি অ্যাকশন করতে দেখা গিয়েছে। এছাড়াও সম্প্রতি তাঁকে আবার প্রলয় ২ সিরিজেও পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে। সেখানেও তিনি অ্যাকশন করেছেন। ফলে তাঁর রাফ অ্যান্ড টাফ লুকের সঙ্গে দর্শকের ইতিমধ্যেই পরিচয় ঘটেছে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দর্শক শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগামীতে অভিমান ছবিতে দেখতে চলেছেন। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। সদ্যই এই ছবির শুভ মহরত হয়েছে। অভিমান ছবিটির প্রযোজনা করছেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস।

">

ছেলের পরীক্ষা শেষ, তাই ইউভানকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী৷ পরিচালক রাজ চক্রবর্তী কলকাতায় ছিলেন মেয়ে ইয়ালিনির সঙ্গে।  কিন্তু দুবাইতে বেড়াতে গিয়েই বিপদের মধ্যে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী। দুবাইতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কলকাতায় ফিরতে পারছিলেন না। অবশেষে শুক্রবার বিকালে কলকাতায় ফিরলেন শুভশ্রী। কলকাতা বিমানবন্দরে শুভশ্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। বাবার সঙ্গে ছোট্ট ইয়ালিনিও হাজির। এতদিন পরে মাকে দেখতে পেয়ে কোলে উঠেই দু'হাতে গলা জড়িয়ে ধরল ইয়ালিনি।  শুভশ্রীও স্বামী রাজ এবং  মেয়ে ইয়ালিনিকে জড়িয়ে ধরলেন। প্রসঙ্গত দুবাই থেকে ফিরে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, "সকলের ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে আর আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সকলকে৷ ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি সত্যিই বিধ্বস্ত। সকলে ভাল থাকবেন।" দুবাইয়ে শুভশ্রী ছেলেকে নিয়ে যে হোটেলে ছিলেন তার আশেপাশেও বিস্ফোরণ হয়েছে। যদিও দুবাইয়ের প্রশাসনিক সহযোগিতায় অভিনেত্রী ছেলের সঙ্গে নিরাপদেই ছিলেন।