টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'সাইয়ারা'র আদলে ধারাবাহিক?

স্টার প্লাস চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সৈরাব’। রবিবার, ১৮ মে সমাজমাধ্যমে এই ধারাবাহিকের প্রথম ঝলক সামনে এসেছে। আর তা প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, ধারাবাহিকের নায়ক একজন গায়ক। তিনি মঞ্চে গিটার হাতে গান গাইছেন এবং সামনে থাকা দর্শক তার গানে মেতে উঠেছেন। ঠিক সেই সময় নেপথ্যে বা ব্যাকস্টেজে দাঁড়িয়ে এক তরুণী তাকে দেখছেন। পরনে তার হলুদ রঙের শাড়ি। কিছুক্ষণ দেখার পর মেয়েটি যখন সেখান থেকে চলে যেতে যান, তখন দূর থেকেই তাকে আটকানোর চেষ্টা করেন ওই গায়ক। ভিডিওটিতে অভিনেতা-অভিনেত্রীদের মুখ পরিষ্কার করে দেখানো হয়নি। তবে মুখের অবয়ব আর নায়কের চুলের কায়দা দেখে দর্শকদের একাংশের দাবি, এই ধারাবাহিকের সঙ্গে ২০২৫ সালের অহন পাণ্ডে ও অনিত পাড্ডার সিনেমা ‘সাইয়ারা’-র হুবহু মিল রয়েছে। সিনেমাটিতে 'কৃষ কাপুর'-এর চরিত্রে অহনের যে লুক ছিল, এখানেও নায়ককে ঠিক তেমনই দেখতে লাগছে। এই মিল চোখে পড়ার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই রসিকতা করে স্টার প্লাসের এই নতুন ধারাবাহিককে ‘সস্তার সাইয়ারা’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন।

ছেলেকে নিয়ে চিন্তায় সলমনের মা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খানের একটি পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। তিনি নাকি একা বোধ করছেন! এমন আভাস পেয়ে চিন্তায় পড়ে যান 'ভাইজান'-এর অনুরাগীরা। তবে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন 'ভাইজান'। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি মোটেই একা নন, বরং মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠে নিজের জন্য একটু একান্ত সময় কাটাতে চাইছিলেন। এরপরই পরিস্থিতি সামাল দিতে সলমন আরেকটি পোস্ট করে লেখেন, 'আরে, আমি নিজের ব্যাপারে কথা বলছিলাম না। এত বড়, অসাধারণ একটা পরিবার আর এত বন্ধু পাশে থাকতে আমি একা হই কী করে? আপনারা সবাই, আপনাদের ভালবাসা আর আশীর্বাদ থাকতে আমি কীভাবে একাকীত্বে ভুগব? মাঝেমধ্যে মানুষের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাই, তাই নিজের জন্য একটু সময় নেওয়া, ব্যস...। আমার মাও চিন্তায় পড়ে জিজ্ঞেস করছে, 'কী হয়েছে বাবা?' সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে নিজের ছবি দিলেও, এবার কোনও ছবি ছাড়াই এই বার্তা দিয়েছেন সলমন।

স্বাধীনতা দিবসে আসছে 'টক্সিক'

সুপারস্টার যশ-এর আগামী ছবি 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর জন্য দর্শকদের অপেক্ষা আরও বাড়ল। আরও একবার পিছিয়ে গেল এই ছবির মুক্তির তারিখ। তবে নতুন যে খবরটি সামনে আসছে, তা সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এর আগে মধ্য এশিয়ার ভয়াবহ পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রযোজনা সংস্থা সূত্রে জানা গিয়েছে, জুন মাসেও ছবিটি প্রেক্ষাগৃহে আসছে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে মুক্তি পেতে পারে 'টক্সিক'। আর এই গুঞ্জন সত্যি হলে বক্স অফিসে এক 'হাই-ভোল্টেজ' লড়াইয়ের সাক্ষী থাকবে দর্শক। কারণ ওই একই সময়ে বক্স অফিসে ঝড় তুলতে তৈরি হচ্ছে সানি দেওলের 'বাটওয়ারা১৯৪৭' এবং ইমরান হাশমির 'আওয়ারাপান২'। ফলে আগস্টের মাঝামাঝি সময়ে বক্স অফিসে এই তিন তারকার টক্কর যে জমজমাট হবে, তা বোঝাই যাচ্ছে।