‘ভালবাসার জন্মদিন’
১৬ই জুলাই তারিখটা বলিপাড়ায় শুধু ক্যাটরিনা কইফ আর সলমন খানের সেই ঐতিহাসিক বিবাদের স্মারক নয়, বরং এখন তা ভিকি-ক্যাটের মধুর দাম্পত্যের উদযাপনের দিন। গতকালই জীবনের ৪৩তম বসন্ত পার করলেন বলিউডের ‘চিকনি চামেলি’। আর ক্যাটরিনার এই বিশেষ দিনটিকে আরও রোমান্টিক করে তুলতে কোনো খামতি রাখলেন না স্বামী ভিকি কৌশল। কোনও আড়ম্বর বা জাঁকজমক নয়, বরং পরিবার ও কাছের মানুষদের নিয়ে এক ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কেক কেটে উদযাপিত হলো ক্যাটরিনার ৪৩ বছরের জন্মদিন। আর সেই মিষ্টি মুহূর্তের এক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক-কমেন্টের বন্যায় ভাসছে নেটপাড়া। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাটরিনার জন্মদিনের একটি অত্যন্ত আদুরে ছবি শেয়ার করেছেন ভিকি। ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে পেছন থেকে পরম ভালবাসায় জড়িয়ে ধরে আছেন ভিকি। অভিনেতার এক হাতে ধরা এক টুকরো বার্থডে কেক, আর অন্য হাতে আগলে রেখেছেন স্ত্রীকে। দু'জনের মুখেই চওড়া ও খিলখিল করা হাসি, যা তাঁদের সুখী গৃহকোণের গল্প স্পষ্ট বুঝিয়ে দেয়।
ছবির ক্যাপশনে কোনো দীর্ঘ প্রেমপত্র লেখেননি ভিকি। বরং অল্প শব্দে গভীর আবেগ প্রকাশ করে হিন্দিতে লিখেছেন, “আমার ভালোবাসার জন্মদিন।”
সলমন যখন ‘শার্লক’
বলিউডের ‘দবং’ গার্ল সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল বিয়ের আগে দীর্ঘ বছর ধরে নিজেদের সম্পর্ককে সংবাদমাধ্যমের আড়ালে রেখেছিলেন। হাজারো গুঞ্জন সত্ত্বেও দু'জনের কেউই প্রেমের কথা স্বীকার করেননি। কিন্তু দুনিয়াকে বোকা বানালেও, একজন মানুষকে কিন্তু এক সেকেন্ডের জন্যও বোকা বানাতে পারেননি তাঁরা। তিনি আর কেউ নন— খোদ বলিউডের সুলতান সলমন খান! নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়ে এই তারকা দম্পতি এবার ফাঁস করলেন এক অত্যন্ত মজাদার ও হাড়হিম করা সিক্রেট। তাঁরা নিজেরা যখন সম্পর্কের কথা স্বীকার করতে প্রস্তুত ছিলেন না, তার অনেক আগেই তাঁদের রসায়ন ধরে ফেলেছিলেন সলমন। শুধু তাই নয়, তাঁদের ভবিষ্যতের ব্রেক-আপ নিয়ে এক চরম হুঁশিয়ারিও দিয়েছিলেন ভাইজান!
চ্যাট শো-তে জহির ইকবাল পুরোনো দিনের স্মৃতি হাতড়ে জানান, সলমন খান তাঁদের প্রেমের কথা তাঁদের মুখ থেকে শোনার অনেক আগেই পুরো বিষয়টা টের পেয়ে গিয়েছিলেন। জহিরের কথায়, “আমরা ওকে জানানোর আগেই উনি আমাদের একসঙ্গে দেখে ফেলেছিলেন। উনি সব বুঝে গিয়েছিলেন।”সোনাক্ষী সিনহাও সহমত পোষণ করে বলেন যে, সলমন যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন, তাঁরা দুজনেই হেসেই উড়িয়ে দিতেন। কিন্তু সলমনকে কনভিন্স করা এত সহজ ছিল না। সোনাক্ষী বলেন, “আমাদের মধ্যে তখন একটা জোরদার প্রেম প্রেম ভাব চলছিল, আর সলমন তো বোকা নন! উনি আমাদের স্পষ্ট লক্ষ্য করেছিলেন। যখনই উনি আমাকে এই নিয়ে জিজ্ঞেস করতেন, আমরা দুজনেই অস্বীকার করে বলতাম— ‘আরে না না, এমন কিচ্ছু নেই।’”
সপাট সোহেল
বলিউড অভিনেতা সোহেল খান তাঁর শৈশবের এক ভয়ঙ্কর ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। একটি রিয়ালিটি শো-এর সাম্প্রতিক পর্বে নিজের জীবনের অন্ধকার অধ্যায় উন্মোচন করে তিনি জানান, ছোটবেলায় তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন এবং দীর্ঘ বছর ধরে সেই ট্রমা নিজের মধ্যেই চেপে রেখেছিলেন। এই মর্মান্তিক অভিজ্ঞতা কীভাবে তাঁর জীবনদর্শন বদলে দিয়েছে এবং কীভাবে তিনি নিজের দুই ছেলে— নির্বাণ ও ইয়োহানের লালন-পালন করছেন, সেই নিয়েও অকপট আলোচনা করেন অভিনেতা।সহ-প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় সোহেল জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর অবশেষে তিনি তাঁর বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের কাছে এই বিষয়ে মুখ খোলেন। সোহেল বলেন:
“ছোটবেলায় আমি একজনের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলাম এবং বহু বছর তা নিজের মনেই চেপে রেখেছিলাম। যখন আমি বড় হলাম, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে বাবার কাছে গিয়ে সবটা খুলে বলি। আমি ওকে বলি— ‘ড্যাডি, আমার সাথে এমনটা ঘটেছিল।’ বাবা শুনেই অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুই এত বছর ধরে এটা নিজের মধ্যে চেপে রেখেছিলি?’ আমি ওঁকে বলি, ‘আমি সত্যিই ক্ষমাপ্রার্থী, কিন্তু এটা বলতে আমার এতটাই লজ্জা লাগছিল যে সাহস পাইনি।’ দোষ আমার ছিল না, কিন্তু সেই বয়সে এক অদ্ভুত লজ্জাবোধ গ্রাস করে।”
















