রবীন্দ্রসঙ্গীতের চেনা সুর হোক কিংবা লোকগানের মাটির টান— দু’ধরনের গানেই গায়িকা সাহানা বাজপেয়ী-র কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করে। কিন্তু এবার গান ছেড়ে হঠাৎ ইউটিউবার বা ভ্লগার হওয়ার ভূত চাপল গায়িকার মাথায়? না, তা না।  ‘প্রবাসে ঘরকন্না’ ভ্লগারের মতো প্রবাসী বাঙালিদের আজকাল সোশ্যাল মিডিয়ায় ভিউজ আর সাবস্ক্রাইবারের রমরমা বাজার দেখে ফেসবুকে একটি মারাত্মক রসাত্মক ও চাবুক পোস্ট করলেন শান্তিনিকেতনের মেয়ে তথা লন্ডনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাহানা।

বিলেতের প্রবাসী বাঙালিদের প্রাত্যহিক ‘লাইফস্টাইল ব্লগ’ বানানোর চেনা ট্রেন্ডকে যেভাবে নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় কটাক্ষ করলেন গায়িকা, তা দেখে হেসেই খুন নেটপাড়া।

নিজের ফেসবুক ওয়ালে সাহানা বাজপেয়ী স্পষ্ট লিখেছেন, গান-টান গেয়ে আদতে কোনো লাভই নেই! তার চেয়ে মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য 'প্রবাসে সাহানার ঘরকন্না' গোছের ভ্লগ বানানোই ঢের ভালো। ঠিক কেমন হবে সেই ভ্লগের স্ক্রিপ্ট? চেনা ভ্লগারদের নকল করে সাহানা লেখেন, “'এখানে জানো তো বন্ধুরা'... এইরকম বলে বলে সকালে উঠে হুমদো জ্যাকেট পরে অফিস গেলাম, ঠান্ডা, অন্ধকার, ট্রেন, বাস, মেট্রো, সাহেব বিবিরা কত গোমড়া আর ভাল— তাকিয়ে দেখে না। 'দেখো বন্ধুরা' এরম বিচ্ছিরি জামাকাপড় পরে বেরিয়েছি কাজে তাও...”বিলেতের সুপারমার্কেট ‘সেন্সবেরিস’ -এ বাজার করার অভিজ্ঞতাও বাদ যায়নি ওঁর কাল্পনিক ভ্লগ থেকে। গায়িকা রসিকতা করে বলেন, সেখানে একটা বেগুন কিনতে গেলেও ভ্লগে বলতে হবে— “জানো তো বন্ধুরা, আমাদের টাকায় ১৯০ টাকা!”

 

 

ভ্লগিংয়ের পরিকল্পনা তো পাকা, কিন্তু খামতি যে অনেক! বাড়ি ফিরে রান্না করতে গেলেই সাহানার দাবি অনুযায়ী ‘কেস’ খেতে হবে। কারণ ওঁর রান্নার দৌড় নাকি স্রেফ শান্তিনিকেতনের ‘রতনপল্লীর নিমতলার মাঠ’ অব্দি!

আর রান্নার গল্প না জমলে ভ্লগাররা যেভাবে কথা ঘুরিয়ে দর্শকদের অকারণে খুঁচিয়ে মিথ্যে-মিথ্যে প্রশ্ন তৈরি করেন, সেই চালাকিও তুলে ধরেন সাহানা— “তোমরা অনেকেই জানতে চেয়েছো (কেউ জানতে চায়নি!) আমাদের গাড়িটা কী কোম্পানির...”। কিন্তু হায়! এখানেও সমস্যা, কারণ গায়িকার কথায়— “গাড়ি নাই কো!”

এমনকি ভ্লগে ‘আদর্শ সন্তান’ ইমেজ তৈরি করার উপায়ও নেই ওঁর। সাহানা আক্ষেপের সুরে লেখেন, মা-বাবা বিদেশে বেড়াতে এলে তাঁদের নিয়ে যে— ‘কত-যত্নশীল-সন্তান-বাবা-মায়ের-জন্যে-বিলেতেও-ভাতের-হোটেল-খুঁজে-বেড়াই’ গোছের ট্রাভেল ভ্লগ বানাবেন, সেই সুযোগও নেই।

সবশেষে ভ্লগ বানানোর মতো কোনও ‘উপাদান’ খুঁজে না পেয়ে চরম হতাশায় সাহানা ভগবানের কাছেই আর্জি জানিয়ে বসেন—“ ভ্লগ বানানোর কোনো ইয়েই নাই? ধ্যার! কিসুই নাইকো! ভগবান তোমার কী প্রাণে মায়া নাই?”

সাহানার এই পোস্ট করা মাত্রই কমেন্ট সেকশনে হাসির বন্যা বয়ে গেছে। অনেকেই লিখেছেন, “গান ছাড়বেন না প্লিজ, তবে আপনার এই ভ্লগের আইডিয়াটা কিন্তু খাসা!” অন্য একজন রসিকতা করে লিখেছেন, “এই পোস্টটা পড়েই তো একটা মিনি ভ্লগ হয়ে গেল বন্ধুরা!” চেনা সুরের বাইরে সাহানার এই নিখাদ হিউমার এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল।